২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের জন্য প্রস্তুত দেখাতে নেইমারের হাতে সময় ‘দুই মাস’

নেইমারের জন্য বিশ্বকাপের ২৬ জনের দলের দরজা খোলা রেখেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

বিশ্বকাপের জন্য প্রস্তুত দেখাতে নেইমারের হাতে সময় ‘দুই মাস’
নেইমার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 09:47 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিশ্বকাপের আগে নিজেকে পুরোপুরি ফিট প্রমাণে নেইমারকে সময় বেঁধে দিলেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল কোচ বললেন, বিশ্বকাপের জন্য প্রস্তুত দেখাতে এই ফরোয়ার্ডের হাতে দুই মাস সময় আছে।

২০২৩ সালের অক্টোবরে বড় ধরনের চোটে পড়ার পর আর দেশের জার্সিতে ফেরা হয়নি ব্রাজিলের সফলতম গোল স্কোরারের। সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে উন্নতির ছাপ রেখেছেন তিনি ফিটনেস ও পারফরম্যান্সে। আনচেলত্তি বারবারই বলে আসছেন, ফিটনেস শতভাগ হলেই কেবল নেইমার দলে থাকার জন্য বিবেচিত হবেন।

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গত মাসে খেলা প্রস্তুতি ম্যাচ দুটির প্রাথমিক দলে নেইমারকে রাখেন আনচেলত্তি। যদিও ৩৪ বছর বয়সী ফুটবলারকে চূড়ান্ত দলে রাখেননি কোচ। 

যুক্তরাষ্ট্রের বস্টনে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে পরাজয়ের ম্যাচে গ্যালারি থেকে ভেসে আসে ‘নেইমার, নেইমার’ ধ্বনি। ম্যাচের পর আনচেলত্তি বলেছিলেন, যারা দলে আছেন, তাদের দিকেই সবার মনোযোগ দেওয়া উচিত।

তবে এখন ফরাসি পত্রিকা লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি ইঙ্গিত দিলেন, আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য তার ভাবনাতেই আছেন নেইমার।

“সে অসাধারণ খেলোয়াড় এবং এটা স্বাভাবিক যে, লোকে মনে করে সে আমাদের পরবর্তী বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে। বর্তমানে সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) এবং আমি তাকে মূল্যায়ন করছি এবং পরবর্তী বিশ্বকাপে খেলার মতো মান তার আছে কি না, তা দেখানোর জন্য তার হাতে এখনও দুই মাস সময় আছে।”

“হাঁটুর চোটের পর নেইমার ভালোভাবে ফিরেছে; সে গোল করছে। তাকে এই ধারা ধরে রাখতে হবে এবং নিজের ফিটনেসের আরও উন্নতি করতে হবে। সে সঠিক পথেই আছে।”

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।