১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হ‍্যান্ডবল মেনে নিলেন চেকিয়া কোচ

পাভেল শুল্টসের হাত গায়ের সঙ্গে লেগে থাকলেও পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে আপত্তি করলেন না চেকিয়া কোচ মিরোস্লাভ কৌবেক।

হ‍্যান্ডবল মেনে নিলেন চেকিয়া কোচ
চেকিয়া কোচ মিরোস্লাভ কৌবেক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 12:57 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

গায়ের সঙ্গে লেগে ছিল পাভেল শুল্টসের হাত। বল লাগার পর তবুও হ‍্যান্ডবলের জন‍্য পেনাল্টি দিলেন রেফারি। সিদ্ধান্ত নিয়ে বিতর্কের অবকাশ আছে যথেষ্ট। তবে এ নিয়ে কোনো আলোচনায় যেতে চাইলেন না চেকিয়ে কোচ মিরোস্লাভ কৌবেক। রেফারির সিদ্ধান্ত মেনে নিলেন তিনি। 

আটলান্টায় বৃহস্পতিবার ‘এ’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চেকিয়ার ম‍্যাচ ১-১ ড্র হয়। মিখাল সাদিলেকের গোলে এগিয়ে যায় কৌবেকের দল। ম‍্যাচের শেষ দিকে গোল হজম করে তারা। 

৮২তম মিনিটে থাপেলো মাসেকোর শটে বল ডি-বক্সে চেকিয়ার মিডফিল্ডার শুল্টসের হাতে লাগে। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন মিডফিল্ডার তেবোহো মোকোয়েনা।

ম‍্যাচ শেষে পেনাল্টি নিয়ে প্রশ্নে কোনো বিতর্কে যেতে চাইলেন না চেকিয়া কোচ কৌবেক।

“আমার মনে হয়, এটাকে হ‍্যান্ডবল বলা ঠিক আছে। তবে এটা আমাদের জন‍্য খুব দুর্ভাগ‍্যজনক।”

“হ‍্যান্ডবল নির্ভর করে বলের অবস্থান থেকে আপনার শরীরের অবস্থানের উপর। আমি রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছি। যদিও শাস্তিটা খুব কড়া, তবে তার এটাকে হ‍্যান্ডবল বলাটা ঠিকই আছে।” 

আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম‍্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে চেকিয়া। একই সময়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।