লুকাকুকে স্থায়ী চুক্তিতে চায় ইন্টার, ওনানাকে ইউনাইটেড
চেলসি স্ট্রাইকারকে ধরে রাখার পাশাপাশি ক্যামেরুনের গোলরক্ষককে প্রত্যাশা অনুযায়ী মূল্যে ছাড়তে চায় ইতালিয়ান ক্লাবটি।
ধারের মেয়াদ শেষে ইন্টার মিলানে স্থায়ীভাবে থাকার ইচ্ছার কথা বরাবরই বলে আসছেন রোমেলু লুকাকু। বেলজিয়ান স্ট্রাইকারকে ধরে রাখতে চায় ইতালিয়ান ক্লাবটিও।
লুকাকুকে কিনে নিতে যে অর্থের প্রয়োজন, তার যোগান আসতে পারে গোলরক্ষক আন্দ্রে ওনানাকে বিক্রি করে। ক্যামেরুনের এই গোলরক্ষককে দলে টানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
সবশেষ মৌসুমে চেলসি থেকে ধারে ইন্টারে খেলেন লুকাকু। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৩৭ ম্যাচে গোল করেন তিনি ১৪টি।
বিবিসির খবর, এখন লুকাকু ও ইন্টার দুই পক্ষই স্থায়ী চুক্তির ব্যাপারে ইতিবাচক। এজন্য চেলসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মিলানের ক্লাবটি।
আর সেখানেই চলে আসছে ওনানার প্রসঙ্গ। দাভিদ দে হেয়ার বিদায়ের পর তাকে দলে টানতে আগ্রহী ইউনাইটেড। তার জন্য ইন্টার চাইছে ৫ কোটি পাউন্ড। অন্যদিকে লুকাকুর জন্য তাদের গুনতে হতে পারে ৪ কোটি পাউন্ড।
আগামী সপ্তাহে প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য ইউনাইটেডের মতো যুক্তরাষ্ট্রে যাবে চেলসিও। সেখানে মাওরিসিও পচেত্তিনোর চেলসি স্কোয়াডে লুকাকু থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
২০১৯ সালে ইউনাইটেড থেকে পাঁচ বছরের চুক্তিতে ইন্টারে ক্লাব রেকর্ড ৮ কোটি ইউরোর বিনিময়ে যোগ দেন লুকাকু। ক্লাবটির হয়ে দুই মৌসুমে ৯৫ ম্যাচে তিনি গোল করেন ৬৪টি৷
এরপর ২০২১ সালের গ্রীষ্মে ১০ কোটি ইউরোর বেশি ট্রান্সফার ফিতে লুকাকুকে দলে টানে চেলসি। এর আগে ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির জার্সিতে প্রথম মেয়াদে ১৫টি ম্যাচ খেলে জালের দেখা পাননি তিনি।
দ্বিতীয় মেয়াদেও চেলসিতে সময় ভালো কাটেনি লুকাকুর। ২০২১-২২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে কেবল ২৬টি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এরপরই তাকে ধারে ইন্টারে পাঠিয়ে দেয় চেলসি।
