২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইরিশদের দুয়োর স্রোতে ‘গুড বয়’ হয়ে থাকবেন রোনালদো

ডাবলিনের প্রায় ৫২ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে বারবার দুয়ো শোনার প্রস্তুতি নিয়েই মাঠে নামবেন ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 10:40 AM

Updated : 26 Aug 2026, 05:06 PM

প্রতিপক্ষের ফুটবলারদের পাশাপাশি সামলাতে হবে প্রতিপক্ষ সমর্থকদেরও। সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই মাঠে নামছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তিনি ভালো করেই জানেন, প্রায় ৫২ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামের গ্যালারি থেকে মুহুর্মুহু ভেসে আসবে দুয়োর ধ্বনি। তবে তাতে মেজাজ না হারিয়ে ভালো ছেলেটি হয়ে থাকার প্রতিশ্রুতি দিলেন পর্তুগিজ অধিনায়ক।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বৃহস্পতিবার ডাবলিনের আভিভা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচটি জিতলেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যাবে রোনালদোর দলের।

তবে আইরিশ দর্শকদের সম্ভাব্য দুয়োর পেছনের কারণ ভিন্ন। গত মাসে এই দুই দলের আগের লড়াইয়ে হুবেন নেভেসের শেষ সময়ের গোলে পর্তুগালের জয়ের পর আইরিশ ডিফেন্ডার জেইক ও’ব্রায়েনের মুখের ওপর গিয়ে উদযাপন করেছিলেন রোনালদো। আইরিশ সমর্থকদের তা পছন্দ করার কারণ নেই!

সেটির জবাব আইরিশ দর্শকেরা ঘরের মাঠে দেবেন বলে ধরেই নিয়েছেন রোনালদো। তবে তাতে তিনি বিচলিত হচ্ছেন না।

“এখানকার সমর্থকদের আমি সত্যিই পছন্দ করি। জাতীয় দলকে যেভাবে সমর্থন করেন তারা, তা দারুণ। আমার জন্য এখানে আবার ফিরতে পারা ও খেলতে পারা দারুণ।”

“অবশ্যই আমাদের কাজটি কঠিন হবে। আশা করি, আগামীকাল (বৃহস্পতিবার) খুব বেশি দুয়ো আমাকে দেবেন না তারা! কথা দিচ্ছি, একদম ‘গুড বয়’ হয়ে থাকার চেষ্টা করব! তবে অবশ্যই, নিজের কাজ আমাকে করতে হবে। আমার চেষ্টা থাকে ম্যাচ জয়ের ও গোল করে দলকে সহায়তা করার। আমি নিশ্চিত, ম্যাচটি কঠিন হবে খুব।”

আয়ারল্যান্ডে খেলতে যাওয়া সব দলের জন্যই কাজ কঠিন করে তোলেন আইরিশ সমর্থকেরা। নিজেদের দলকে সমর্থন দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে মানসিকভাবে নাড়িয়ে দিতে তাদের চেষ্টার কমতি থাকে না। এবার তো পর্তুগালের সঙ্গে ম্যাচটি আয়ারল্যান্ডের অস্তিত্বের লড়াই। সেদিক থেকেও আইরিশ সমর্থকেরা দলের পাশে প্রবলভাবে থাকবেন বলে ধারণা রোনালদোর। 

“এটা স্বাভাবিক, কারণ তারা জানে, এই ম্যাচ হারলে তারা বাদ পড়ে যাবে। কাজেই তারা চেষ্টা করবে ম্যাচকে ঘিরে সেরকম আবহ গড়ে তুলতে, নানা কিছু করতে। আমাদেরকে তাই কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।”

“তারা ভালো দল। আমরা তাই প্রস্তুত। আশা করি, পর্তুগালের জন্য ম্যাচটি ভালো যাবে এবং আমরা চেষ্টা করব জিততে।”

কার্ডের খাঁড়ায় এই ম্যাচে পর্তুগাল পাবে না মাঝমাঠের ভরসা ব্রুনো ফের্নান্দেসকে।