Published : 13 Apr 2026, 04:55 PM
চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে মিলেছে দারুণ ফল; কিন্তু লা লিগায় যেন পুরোই উল্টোপথে হাঁটছে আতলেতিকো মাদ্রিদ। ঘরোয়া লিগে টানা তিন ম্যাচে হেরেছে দলটি। এতে ইউরোপ সেরার মঞ্চে বার্সেলোনার বিপক্ষে ফিরতি লেগের লড়াই নিয়ে জেগেছে দুশ্চিন্তা। হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনের কণ্ঠে অবশ্য আত্মবিশ্বাসই ঝরল।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে গত বুধবার বার্সেলোনার মাঠে ২-০ গোলে জয় পায় আতলেতিকো। ওই ম্যাচের তিন দিন পর, দলে ১০টি পরিবর্তন এনে লা লিগায় সেভিয়ার বিপক্ষে খেলতে নামে আতলেতিকো এবং হেরে যায় ২-১ ব্যবধানে।
বার্সেলোনার বিপক্ষে পরবর্তী লড়াইয়ে খেলোয়াড়দের বেশি মনোযোগ থাকার কারণেই কি এই পরাজয়, এমন প্রশ্নে সিমেওনে বলেন, “না, না। আতলেতিকো জিততে পারেনি, কারণ ফল নির্ধারণে সেভিয়া শ্রেয়তর ছিল।”
লা লিগায় সেভিয়ার ম্যাচের আগে, এই বার্সেলোনার বিপক্ষেই ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে আতলেতিকো। তার আগে তারা পরাজিত হয় রেয়াল মাদ্রিদের বিপক্ষে।
১০ দিনের মধ্যে বার্সেলোনার বিপক্ষে তৃতীয় লড়াই নিয়ে তাই একটা শঙ্কা কাজ করতেই পারে সমর্থকদের মনে। সিমেওনে অবশ্য বেশ আত্মবিশ্বাসের সঙ্গে আশার কথা বলেন।
“আমাদের একটা পরিকল্পনা আছে। এর অর্থ এই নয় যে, সবকিছু ঠিকঠাক হবে, খারাপ কিছুও হতে পারে; কিন্তু আমার একটা পরিকল্পনা আছে। আর সেই পরিকল্পনা থেকে আমি সরব না।”
চলতি মৌসুমে আরও দুইবার দেখা হয়েছে এই দুই দলের লড়াই, কোপা দেল রের সেমি-ফাইনালে। সেখানে ঘরের মাঠে বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর, ফিরতি লেগে ৩-০ ব্যবধানে হেরে যায় আতলেতিকো। তবে, দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় ফাইনালে ওঠে সিমেওনের দল।
মৌসুমে ষষ্ঠবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। আতলেতিকোর মেত্রোপলিতানোয় বাংলাদেশ সময় মঙ্গলবার রাত একটায় শুরু হবে আসছে ম্যাচটি।