১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চেলসির নতুন কোচ মারেসকা

পাঁচ বছরের চুক্তিতে ইংলিশ দলটির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন এই ইতালিয়ান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2024, 04:28 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে চেলসি। পাঁচ বছরের চুক্তিতে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির দায়িত্ব নিয়েছেন এন্টসো মারেস্কা।

৪৪ বছর বয়সী এই ইতালিয়ান কোচের সঙ্গে চুক্তির কথা সোমবার বিবৃতি দিয়ে জানায় চেলসি। আগামী ১ জুলাই কাজ শুরু করবেন তিনি।

মাওরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হলেন মারেস্কা। এবারের মৌসুম শেষে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির দায়িত্ব ছাড়েন আর্জেন্টাইন কোচ পচেত্তিনো।

২০২২-২৩ মৌসুমে ১২ নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা চেলসি পচেত্তিনোর হাত ধরে এবারের মৌসুমে খুব একটা খারাপ করেনি, লিগ শেষ করে ছয়ে থেকে, জায়গা করে নেয় ইউরোপিয়ান প্রতিযোগিতায়- ইউরোপা কনফারেন্স লিগে।

এফএ কাপে সেমি-ফাইনাল খেলা চেলসি লিগ কাপে হয় রানার্স-আপ। তারপরও, এক মৌসুমেই শেষ হয়ে যায় পচেত্তিনোর চেলসি অধ্যায়।

এবার লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগে তোলা মারেস্কা ২০২০-২১ মৌসুমে ম্যানচেস্টার সিটি যুব দলের কোচ হিসেবে কাজ করেন। পরে ২০২২ সালের জুনে মূল দলের সহকারী কোচের দায়িত্ব পান তিনি। ছিলেন ২০২২-২৩ মৌসুমে ট্রেবল জয়ী দলের অংশ।

সিটিতে ওই দুই মেয়াদের মাঝে সিনিয়র পর্যায়ে প্রথম কোনো দলের প্রধান কোচ হিসেবে ২০২১ সালে পার্মার দায়িত্ব নেন তিনি। তবে ইতালিয়ান ক্লাবটিতে টিকতে পারেন কেবল ১৮০ দিন। তার কোচিংয়ে ১৩ ম্যাচের মধ্যে স্রেফ চারটি জিততে পারে দলটি। 

২০২৩ সালের জুনে লেস্টারের দায়িত্ব নেন তিনি। তার হাত ধরে ২০২৩-২৪ মৌসুমে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে জায়গা করে নেয় দলটি। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ।