‘আমরা থাইল্যান্ডের মানের নই’, দুই ম্যাচ হেরে অকপট বাটলার
নির্দিষ্ট কাউকে দায় না দিলেও কিছু গোলের সুযোগ নষ্ট হওয়ায় হতাশ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ।
থাইল্যান্ডকে তাদের মাঠে চমকে দিতে পারেনি বাংলাদেশ। দুই প্রীতি ম্যাচেই হেরেছে দল। টানা দুই হারের পর জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার অকপটে বললেন, তার দলের চেয়ে থাইল্যান্ড অনেক এগিয়ে। দুই দলের মধ্যে কোনো তুলনাতেই যেতে চান না তিনি।
তুলনার আসলে সুযোগও নেই। প্রথম প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারের পর সোমবার দ্বিতীয়টিতে বাংলাদেশ হার মেনেছে ৫-১ গোলে। এই সফরে থাইল্যান্ডের জালের দেখা একবারই কেবল পেয়েছেন শামসুন্নাহার জুনিয়র।
এই দুই ম্যাচের আগে, এক যুগ আগের দেখায় বাংলাদেশ হেরেছিল ৯-০ গোলে। সেদিক থেকে এবারের স্কোরলাইনে ব্যবধান কমেছে। তবে বাটলার নির্দ্বিধায় মেনে নিলেন, থাইল্যান্ডের মানের দল নয় বাংলাদেশ।
“আমি মনে করি, নিজেদের সাথে আমাদের সৎ হতে হবে- আমরা তাদের মানের নই। আমরা আজ রাতে খুবই ভালো একটা দলের বিপক্ষে খেলেছি, যারা খুবই গোছাল, ভালোভাবে প্রশিক্ষিত, যাদের চমৎকার কিছু খেলোয়াড় আছে এবং আমি যেটা বলতে চাইছি, শারীরিক দিক থেকে তারা শক্তিশালী, আমাদের মেয়েদের চেয়ে ফিট। তবে আমাদের মেয়েদের নিয়েও আমি গর্বিত।”
“কেননা, আমি মনে করি, আমাদের মেয়েরা কখনেই হাল ছাড়েনি। আসলেই আমি মনে করি না, থাইল্যান্ডের সাথে আমাদের তুলনা করা উচিত। তারা ভিন্ন মানের, পুরোপুরি ভিন্ন পর্যায়ের দল। তবে আমাদের মেয়েরাও দেখিয়েছে তাদের সম্ভাবনা।”
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া উইমেন’স এশিয়ান কাপের প্রস্তুতির জন্য এই প্রীতি ম্যাচগুলো খেলেছে বাংলাদেশ। থাইল্যান্ড সফরকে তাই ‘শিক্ষা সফর’ আগেই বলেছিলেন বাটলার। তার সেই মনোভাবে বদল আসেনি। তবে সফরে নষ্ট হওয়া গোলের সুযোগগুলো নিয়ে হতাশা আড়াল করেননি এই ইংলিশ কোচ।
“আমি কাউকে দোষারোপের খেলা খেলব না এবং কোনো অজুহাতের খোঁজেও নেই। থাইল্যান্ডের এই টার্ফে আমরা যদি ১০ ম্যাচ খেলি, তাহলে ৯টাতেই হারব। আমি আসলে হতাশ, যেভাবে আমরা কিছু গোলের সুযোগ হারিয়েছে। তবে আমি খুবই ইতিবাচক মনোভাব নিয়ে তাকাচ্ছি সামনের দিকে। কেননা, আমি জানি সমস্যাটা কোথাই এবং সমস্যার সমাধান কিভাবে হবে। এই সফরে ফলগুলোকে আমি আসলে এই দৃষ্টিকোণ থেকেই দেখছি।”
