১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গ্রুপে ব্রাজিলের পেছনে থাকায় হতাশ মরক্কো

তবে টুর্নামেন্টে ভালো করা নিয়ে কোনো সংশয় নেই মরক্কো কোচ মোহামেদ ওয়াহবির।

গ্রুপে ব্রাজিলের পেছনে থাকায় হতাশ মরক্কো
ফুটবলারদের সঙ্গে কথা বলছেন মরক্কো কোচ মোহামেদ ওয়াহবি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 01:58 PM

Updated : 11 Sep 2026, 03:29 PM

হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে পাওয়া জয়ে নকআউট পর্ব নিশ্চিত করলেও প্রথম লক্ষ‍্য পূরণ হয়নি মরক্কোর। গোল পার্থক‍্যে ব্রাজিলের চেয়ে পিছিয়ে রানার্সআপ হওয়ায় হতাশ কোচ মোহামেদ ওয়াহবি।

দুইবার পিছিয়ে পড়েও বৃহস্পতিবার হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে মরক্কো। একই সময়ে হওয়া অন‍্য ম‍্যাচে স্কটল‍্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। গোল পার্থক‍্যে এগিয়ে গিয়ে গ্রুপ সেরা হয়েছে কার্লো আনচেলত্তির দল। 

সাত গোল দিয়ে ব্রাজিল হজম করেছে কেবল একটি। মরক্কো তিন গোল হজম করে দিতে পেরেছে ছয়টি। মূলত হাইতির দুই গোলে লক্ষ‍্য পূরণের পথে ছুটতে পারেনি ওয়াহবির দল। 

“আমরা গ্রুপ সেরা হতে চেয়েছিলাম। কিন্তু হাইতির হারানোর কিছু ছিল না এবং তারা প্রতি-আক্রমণ নির্ভর খুব ভালো একটি ম‍্যাচ খেলেছে।”

“হাইতি যে আবেগ নিয়ে খেলেছে তাতে অবাক হওয়ার কিছু নেই। তারা সবসময়ই নিজেদের পুরোটা দিয়ে খেলে। আজ আরও বেশি স্বাধীনতা নিয়ে খেলেছে কারণ তারা এরই মধ‍্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে।”

রানার্সআপ হওয়ায় ‘এফ’ গ্রুপের সেরা দলের বিপক্ষে খেলতে হবে মরক্কোর। প্রতিপক্ষ হতে পারে নেদারল‍্যান্ডস, জাপান ও সুইডেনের মধ‍্যে যে কোনো এক দল। 

গত আসরে সেমি-ফাইনালে খেলা মরক্কোর মাঝে শিরোপা জিতে নেওয়ার সামর্থ‍্য দেখেন ওয়াহবি। নিজেদের দলের উপর আস্থা রেখে শেষ বত্রিশে তিনি যেকোনো প্রতিপক্ষের জন‍্য প্রস্তুত। 

“আমাদের কোনো পছন্দ নেই এবং এ নিয়ে আমাদের কিছু করারও নেই। তারা তিনটি ভিন্ন ঘরানার দল আর আমাদের তৈরি থাকতে হবে। এটা বিশ্বকাপ আর এখানে আমরা একটা বড় আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। দিন শেষে সামনে যে দলই আসবে তার বিপক্ষেই আপনার খেলতে হবে।”