পিএসজি ম্যাচের আগে আউক্সবুর্ককে উড়িয়ে দিল ডর্টমুন্ড
চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগের আগে এই জয়ে আত্মবিশ্বাসও বাড়িয়ে নিয়েছে বুন্ডেসলিগার দলটি।
লিগ শিরোপা আগেই নিষ্পত্তি হয়ে যাওয়ায় বুন্ডেসলিগায় বাকি ম্যাচগুলো অন্য দলগুলোর জন্য এখন কেবলই পয়েন্ট টেবিলে যতটা সম্ভব উপরের দিকে থাকার উপলক্ষ। অবশ্য বরুশিয়া ডর্টমুন্ডের ক্ষেত্রে বিষয়টি স্রেফ লিগ টেবিল কেন্দ্রীক নয়, চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগের আগে নিজেদের শাণিয়ে নেওয়ার সুযোগও।
সেই সুযোগ ডর্টমুন্ড কাজে লাগিয়েছে আউক্সবুর্ককে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে। শনিবার ম্যাচ শুরুর ২৯ মিনিটের মধ্যে তিন গোল করে চালকের আসনে বসে যাওয়া দলটি পরে করে আরও দুটি।
চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগে আগামী মঙ্গলবার পিএসজির মাঠে খেলবে ডর্টমুন্ড। ঘরের মাঠে ১-০ গোলের জয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছে তারা।
আউক্সবুর্কের জালে জোড়া গোল করেছেন ইউসুফা মুকুকু। আরও জালের দেখা পেয়েছেন ডোনিয়েল মালেন, মার্কো রয়েস ও ফেলিক্স। সব মিলিয়ে পিএসজি ম্যাচের আগে আক্রমণভাগের এমন দাপুটে পারফরম্যান্স নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়াবে ডর্টমুন্ডের।
বুন্ডেসলিগার টেবিলে এ মুহূর্তে ৩২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ডর্টমুন্ড।
