২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউসের জোড়া গোলে রেয়াল মাদ্রিদের জয়, অপেক্ষায় বার্সেলোনা

লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচে দ্বিতীয় জয় পেল আলভারো আরবেলোয়ার দল।

ভিনিসিউসের জোড়া গোলে রেয়াল মাদ্রিদের জয়, অপেক্ষায় বার্সেলোনা
টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 03:06 AM

Updated : 26 Aug 2026, 03:32 PM

লিগ শিরোপা পুনরুদ্ধারের আশা বলা যায় শেষই হয়ে গেছে রেয়াল মাদ্রিদের। ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে এস্পানিওলকে হারিয়ে কাগজে-কলমের ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখল আলভারো আরবেলোয়ার দল।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে মাদ্রিদের দলটি। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

৩৪ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল মাদ্রিদ। ১১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

আগামী সপ্তাহে এই দুই দলের লড়াইয়ে হার এড়ালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।

রেয়ালের জন্য এমনিতেই মৌসুমটা ব্যর্থতায় ঠাসা। সাম্প্রতিক সময়টা কাটছে তাদের আরও যাচ্ছেতাই। দলটির হতাশার গল্পে এদিন ম্যাচের শুরুতে যোগ হয় নতুন আরেক পর্ব, চতুর্দশ মিনিটে আবারও চোট পেয়ে মাঠ ছাড়েন ফেরলঁদ মঁদি। 

বারবার চোটে পড়ায় চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কেবল ৯টি ম্যাচ খেলতে পেরেছেন এই ফরাসি লেফট-ব্যাক।

২৩তম মিনিটে এস্পানিওলের ডিফেন্ডার এল হিলালিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়র। দুই মিনিট পর তাকেই ফাউল করে প্রথমে সরাসরি লাল কার্ড দেথেন এল হিলালি। পরে অবশ্য ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলে তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

প্রথমার্ধে দুই দলই একের পর এক লক্ষ্যভ্রষ্ট শট নেয়। ৪৩তম মিনিটে ভালো একটা সুযোগ পায় রেয়াল। ডি-বক্সে প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শট নেন ব্রাহিম দিয়াস, সেটাও ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়।

বিরতির ঠিক আগ মুহূর্তে বেঁচে যায় রেয়াল। কর্নারে লেয়ান্দ্রো কাবরেরার হেড লাফিয়ে কোনোমতে আটকান গোলরক্ষক আন্দ্রি লুনিন।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ভিনিসিউসের নৈপুণ্যে এগিয়ে যায় রেয়াল। গন্সালো গার্সিয়াকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, এরপর ফিরতি পাস পেয়ে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের মধ্য দিয়ে এগিয়ে নিচু শটে গোলটি করেন তিনি।

১১ মিনিট পর কিছুটা একইভাবে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। জুড বেলিংহ্যামকে পাস দিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়েন তিনি এবং সতীর্থের ব্যাকহিলে বাড়ানো ফিরতি বল পেয়ে জোরাল শটে আসরে নিজের ১৫তম গোলটি করেন ২০২৪ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার।

৭৯তম মিনিটে ব্যবধান আরও বাড়তে পারতো; কিন্তু ভিনিসিউসের পাস ধরে ফ্রাঙ্কো মাস্তাতুয়োনোর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। 

প্রতিপক্ষের চেয়ে গোলের জন্য বেশি শট নিয়েও কাজের কাজ করতে পারেনি এস্পানিওল। আসরে ১৫তম হারের স্বাদ পায় দলটি।

৩৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে এস্পানিওল।