২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলকে ধন্যবাদ জানিয়ে বিদায় রাকিতিচের

ভবিষ্যতে অন্য পরিচয়ে ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকার ইঙ্গিত দিয়েছেন তারকা মিডফিল্ডার।

ফুটবলকে ধন্যবাদ জানিয়ে বিদায় রাকিতিচের
ইভান রাকিতিচ। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 09:04 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

পেশাদার ফুটবলে দুই দশকের বেশি সময়ের দীর্ঘ পথচলা শেষে, অনেক অনেক সাফল্যের গল্প রচনা করে, বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ইভান রাকিতিচ। জাতীয় দল থেকে আগেই বিদায় নেওয়া এই ক্রোয়াট মিডফিল্ডার এবার বিদায় জানালেন ক্লাব ফুটবলকে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে সোমবার আবেগী বার্তায় সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার।

“ফুটবল, তুমি আমাকে আমার কল্পনার চেয়েও বেশি দিয়েছ। তুমি আমাকে জয়, পরাজয়, শিক্ষা ও আমার জীবনের বন্ধুদের দিয়েছ। আমাকে দিয়েছ অনন্য এক পথ এবং বলার মতো হাজারো গল্প। তুমি আমাকে সুন্দর একটা পরিবার ও দারুণ সব মুহূর্ত উপহার দিয়েছ, যা আমি সারাজীবন হৃদয়ে ধারণ করব।”

“এখন সময় তোমাকে অন্য দৃষ্টিকোণ থেকে উপভোগ করার, সেই একই প্যাশন ও সর্বদা কৃতজ্ঞতাভরা মন নিয়ে, তবে সেটা দূর থেকে, অফিস থেকে, বাড়ি থেকে অথবা জীবনে চলার পখে যেভাবে সম্ভব হয়।”

সুইজারল্যান্ডে এক ক্রোয়াট পরিবারে জন্ম নেওয়া রাকিতিচ মাত্র চার বছর বয়সে পা রাখেন ফুটবলের আঙিনায়। এফসি বাসেলের কিশোর ও যুব দল হয়ে উঠে আসেন ক্লাবটির সিনিয়র দলে।

২০০৭ সালে তিনি যোগ দেন জার্মান ক্লাব শালকেতে। ক্যারিয়ারে সবচেয়ে বেশি সময় তিনি কাটিয়েছেন সেভিয়ায়, দুই মেয়াদে এবং সেরা সময় কাটিয়েছেন বার্সেলোনায়।

কাতালান ক্লাবটির জার্সিতে ছয়টি সফল মৌসুমে চারটি করে লা লিগা ও কোপা দেল এবং একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৩টি ট্রফি জয় করেন।

ক্রেয়েশিয়ার হয়ে দুর্দান্ত সময় কেটেছে ৩৭ বছর বয়সী রাকিতিচের। জাতীয় দলের হয়ে ১০৬টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮ সালের বিশ্বকাপে ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি, শিরোপা লড়াইয়ে তারা হেরে যায় ফ্রান্সের বিপক্ষে।