বিশ্বকাপে হ্যাটট্রিকের লক্ষ্য ইয়ামালের
স্বপ্ন তার আরও বড়, টুর্নামেন্টে রেফারির শেষ বাঁশির পর উদযাপনও করতে চান তিনি।
ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপে খেলতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় লামিনে ইয়ামাল। ফুটবলের সবচেয়ে বড় আসরে লক্ষ্যের কথাও জানালেন সময়ের এই সেনসেশন। বিশ্বকাপে স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ড গড়তে চান তিনি।
জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের মাঝেই ১৯তম জন্মদিন পালন করবেন ইয়ামাল। বর্তমানে চোটের কারণে বাইরে থাকা এই বার্সেলোনা উইঙ্গার হয়তো বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে অনেক বিষয় নিয়েই কথা বলেছেন তিনি।
২০২২ সালের আসরে কোস্টা রিকার জালে বল পাঠিয়ে বিশ্বকাপে স্পেনের সর্বকনিষ্ঠ ও বিশ্বের তৃতীয় কনিষ্ঠতম গোলদাতা হওয়ার কীর্তি গড়েন গাভি (১৮ বছর ১১০ দিন)। সেই প্রসঙ্গ তুলেই ইয়ামালকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় সর্বকনিষ্ঠতম গোলদাতা হওয়ার হাতছানি তার সামনে। তবে আরও বড় লক্ষ্যের কথা বলেন তিনি।
“ইউরোর পর থেকে গাভি মজা করে বলে আসছে, এটাই সেই রেকর্ড যা তার কাছ থেকে আমি কেড়ে নিতে পারব না। তাই আমাকে এর চেয়েও ভালো কিছু করতে হবে- বিশ্বকাপে সর্বকনিষ্ঠ স্প্যানিশ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করতে হবে। যদি দ্বিতীয়বার বল জালে পাঠাতে পারি, তাহলে হয়তো গাভিকে একটু শ্রদ্ধা জানাব, কারণ সে একটি গোলই করেছে, তবে আমার লক্ষ্য থাকবে তিনটি।”
স্পেনের হয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত হ্যাটট্রিক করতে পেরেছেন কেবল দুজন। ১৯৮৬ আসরে শেষ ষোলোয় ডেনমার্কের বিপক্ষে দলের ৫-১ ব্যবধানের জয়ে চার গোল করেন এমিলিও বুত্রাগুয়েনো। আর ১৯৯০ আসরে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে দলের সবকটি গোল করেন মিচেল। তবে ওই দুজনের কেউ ২৫ বছরের কম বয়সে এই স্বাদ পাননি।
শুধু গোল বা হ্যাটট্রিক করাই নয়, বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার ছবিও আঁকছেন ইয়ামাল।
“আশা করি (স্পেন শিরোপা জিতবে)। আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার হবে। রেফারি শেষ বাঁশি বাজাবেন এবং আমরা জিতে যাব। জানি না কত গোলে, কিন্তু আমরা চ্যাম্পিয়ন হব। তারপর স্পেনে ফিরে সমর্থকদের সঙ্গে উদযাপন করব। সেটা হবে স্পেশাল মুহূর্ত।”
