রয়েসের নতুন অধ্যায় এলএ গ্যালাক্সিতে
বরুশিয়া ডর্টমুন্ডে এক যুগ কাটিয়ে আমেরিকান ফুটবলে নাম লেখালেন জার্মান এই ফুটবলার।
বরুশিয়া ডর্টমুন্ডে পথচলার থামানোর পরপরই গুঞ্জন শোনা যাচ্ছিল, আমেরিকান ফুটবলে যোগ দিচ্ছেন মার্কো রয়েস। সময়ের প্রবাহে সেটিই সত্যি হলো। বরুশিয়ার কিংবদন্তির নতুন ঠিকানা এলএ গ্যালাক্সি।
মেজর লিগ সকারের দলটির সঙ্গে আড়াই বছরের চুক্তি হয়েছে ৩৫ বছর বয়সী জার্মান তারকার। যেটির মানে, ২০২৬ সাল পর্যন্ত এই ক্লাবে থাকছেন তিনি।
২০১২ সাল থেকে বরুশিয়ায় খেলে আসা রয়েস একসময় হয়ে উঠেছিলেন দলটির প্রতীক। আরও বড় ক্লাবের অনেক হাতছানি উপেক্ষা করে তিনি এই ক্লাবে রয়ে যান। দলকে নেতৃত্ব দেন পাঁচ বছর। এখানেই তার ক্যারিয়ার শেষ হবে বলে ধারণা ছিল অনেকের। কিন্তু গত মে মাসের শুরুতে তিনি জানান, এই মৌসুম শেষেই ছেড়ে যাবেন তার প্রিয় আঙিনা।
রেয়াল মাদ্রিদের বিপক্ষে গত জুনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ছিল বরুশিয়ার হয়ে তার শেষ ম্যাচ। ওয়েম্বলিতে ম্যাচটিতে ২-০ গোলে হেরে যান তারা। বরুশিয়ার হয়ে ১২ বছর আগেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিলেন তিনি। সেবার হেরেছিলেন বায়ার্ন মিউনিখের কাছে।
বুন্ডেসলিগাতেও বারবার সেই বায়ার্নের সঙ্গে পেরে না ওঠায় কখনও লিগ জয়ের স্বাদ পাননি তিনি। তবে জার্মান কাপ ও জার্মান সুপার কাপ জিতেছেন দুবার করে। দলীয় সাফল্যে বড় কিছু না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি রাঙিয়েছেন জার্মান ফুটবল। বুন্ডেসলিগার মৌসুম-সেরা ফুটবলার হয়েছেন তিনবার।
বরুশিয়ার হয়ে সব মিলিয়ে ৪২৯ ম্যাচ খেলেছেন এই উইঙ্গার। গোল করেছেন ১৭০টি।
পেশাদার ক্যারিয়ারের পুরো ১৮ বছর জার্মানিতে খেলে প্রথমবার তিনি পা রাখলেন দেশের বাইরের লিগে। তার নতুন দল এলএ গ্যালাক্সি এখন মেজর লিগ সকারের ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে আছে। তাদের পরের ম্যাচ ২৫ অগাস্ট। নতুন ক্লাবে রয়েসের অভিষেক হতে পারে সেদিনই।
