২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৮ বছর বয়সে নতুন অভিযানে চিচারিতো

সাত মাস ক্লাববিহীন থাকার পর দুই বছরের চুক্তি করলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রেয়াল মাদ্রিদের সাবেক এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 12:12 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

শেষের আভাস থেকেই যেন নতুন শুরু। সাত মাস কোনো ক্লাব পাচ্ছিলেন না হাবিয়ের এর্নান্দেস বালকাসার। ভক্তদের কাছে যিনি পরিচিত প্রিয় ‘চিচারিতো’ নামে। মনে হচ্ছিল, তার খেলোয়াড়ি জীবন হয়তো শেষের বিন্দুতে পৌঁছে গেছে। কিন্তু নতুন ঠিকানা পেয়ে গেছেন মেক্সিকান এই ফরোয়ার্ড। ৩৮ বছর বয়সী তারকা নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব অ্যাটলেটিকো ডালাসে।

ইউএসএল চ্যাম্পিয়নশিপের নতুন ক্লাব এটি। ২০২৭ সালে টুর্নামেন্টে পথচলা শুরু হবে ক্লাবটির। এই ক্লাবে নাম লেখানো প্রথম ফুটবলার চিচারিতো।

যুক্তরাষ্ট্রের ফুটবলে মেজর লিগ সকারের পরের ধাপ এই ইউএসএল। অ্যাটলেটিকো ডালাস তাদের ঘরের ম্যাচগুলো খেলবে কটন বোল স্টেডিয়ামে। 

ক্লাবটির সঙ্গে চিচারিতোর চুক্তি দুই বছরের, পরে যা আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে। চুক্তিটি এখন লিগ কর্তৃপক্ষ ও ফেডারেশনের অনুমোদনের অপেক্ষায়। 

চিচারিতোর পেশাদার ক্যারিয়ার শুরু ছেলেবেলার ক্লাব গুয়াদালাহারার হয়ে সেই ২০০৬ সালে। পরে ২০১০ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন ৫ বছর, সেখান থেকে ধারে খেলেছেন রেয়াল মাদ্রিদেও। পরে বায়ার লেভারকুজেন, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও সেভিয়া হয়ে ২০২০ সালে পাড়ি জমান এলএ গ্যালাক্সিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে তিন বছর খেলে ২০২৪ সালে ফিরে যান শৈশবের ক্লাব গুয়াদালাহারায়। 

ওই ক্লাবের হয়ে শেষবার মাঠে নামেন তিনি গত নভেম্বরে। ডিসেম্বরে ক্লাবটি জানায়, তার চুক্তি নবায়ন করা হবে না। 

এখন আবার যুক্তরাষ্ট্রের ফুটবলে ফিরছেন তিনি। তবে স্পষ্ট করে জানিয়ে দিলেন, তার এই ফেরা কেবল ক্যারিয়ারের শেষ অধ্যায়ের জন্য নয়। 

“আমি শুধু আমার ক্যারিয়ার শেষ করতে এখানে আসিনি। ডালাসে ফুটবলের ভবিষ্যৎ গড়তে সাহায্য করতে এসেছি।

প্রত্যেক তরুণ ফুটবলার যে স্বপ্নগুলো দেখার আশা করে, সেই স্বপ্নগুলো পূরণ করার সৌভাগ্য আমার হয়েছে। বিশ্বের কয়েকটি বড় ক্লাবের জার্সি পরেছি এবং আবেগপ্রবণ সমর্থকদের সামনে অবিশ্বাস্য স্টেডিয়ামে খেলেছি। এখন এই সুযোগগুলো ভিন্ন ধরনের।”

মেক্সিকোর জার্সিতে চিচারিতো সবশেষ খেলেছেন ২০১৯ সালে। জাতীয় দলে ১০ বছরের ক্যারিয়ারে ১০৯ ম্যাচে তার গোল ৫২টি। মেক্সিকোর হয়ে এখনও গোলের হাফ সেঞ্চুরি নেই আর কারও। এবারের বিশ্বকাপে তিনি টিভি বিশ্লেষক হিসেবে বেশ আলোচনার জন্ম দিয়েছেন।