২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সিঙ্গাপুর ম্যাচের স্মৃতি এখনও পোড়ায় হামজাকে

হংকং চায়নার বিপক্ষে ম্যাচে সমর্থকদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশের এই তারকা।

সিঙ্গাপুর ম্যাচের স্মৃতি এখনও পোড়ায় হামজাকে
হংকং চায়নার বিপক্ষে ম্যাচে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে চান হামজা চৌধুরী। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 07:37 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

দুয়ারে কড়া নাড়ছে হংকং চায়নার বিপক্ষে লড়াই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সমর্থকদের প্রত্যাশা পূরণে প্রত্যয়ী হামজা চৌধুরী। এখানে দারুণ কিছু করে সিঙ্গাপুরের বিপক্ষে না পারার হতাশাও ভুলতে চান বাংলাদেশের তারকা মিডফিল্ডার।

গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই দুঃখ ভুলতে এবং বাছাইয়ে সম্ভাবনা জোরাল রাখতে বৃহস্পতিবার হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ।

সিঙ্গাপুরের বিপক্ষে দুই গোল হজমের পর ৬৭তম মিনিটে রাকিব হোসেনের গোলের সুর বেঁধে দিয়েছিলেন হামজা। এরপর প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। 

সেদিন যোগ করা সময়ে বক্সে ফয়সাল আহমেদ ফাহিম ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন করেছিল বাংলাদেশ, সাড়া মেলেনি রেফারির। এরপর হামজার শট পোস্ট ঘেঁষে বাইরে গিয়ে বাড়িয়েছিল দীর্ঘশ্বাস। 

জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রস্তুতিতে নামার আগে সিঙ্গাপুর ম্যাচের প্রসঙ্গ ফিরে এলো হামজার কণ্ঠে। সেখানে ভর করল, ঘরের মাঠে সমর্থকদের জয় উপহার দিতে না পারার আক্ষেপ।

“সিঙ্গাপুর ম্যাচে, বড় মোমেন্টে আমরা নিজেদের হতাশ করেছি। দুই গোল হজম করেছি। রক্ষণে আরও ভালো করলে হয়তো গোল হজম করতাম না। এছাড়া আমরা একটা পেনাল্টি পেতাম। ফুটবল এমনই। মাঝেমধ্যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না।”

“কোচ ও দল একসঙ্গে খুব ভালো কাজ করছে। হংকং ম্যাচ অন্যরকম চ্যালেঞ্জ। বিশ্বাস করি, আমরা অবশ্যই জিতব। তাই আমাদের পরিকল্পনায় অটল থাকতে হবে। এটাই ফুটবল। চলার পথে চ্যালঞ্জ নিতে হবে। আমরা কোনো অজুহাত দাঁড় করাব না। ভারত ও সিঙ্গাপুর ম্যাচেও চোট সমস্যা ছিল। শোমিত (সোম) আজ আসবে। আমাদের স্কোয়াড খুব ভালো। বেঞ্চের খেলোয়াড়দের খুব বিশ্বাস আছে।”

সিঙ্গাপুর ম্যাচের অন্তিম সময়ে পাওয়া সুযোগটি কাজে লাগাতে না পারা এখনও পীড়া দেয় হামজাকে। হংকং ম্যাচে এমন সুযোগ ফের দুয়ারে কড়া নাড়লে সাড়া দিতে আরও বেশি তটস্থ থাকবেন বলেও জানালেন ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলার।

“(সিঙ্গাপুর ম্যাচে মিস করে) খুব খারাপ লেগেছিল। সেই মুহূর্তের রিপ্লে আবার দেখেছি আমি। পরেরবার ইনশাল্লাহ সুযোগ কাজে লাগাতে পারব। আমি জানি, আমাকে নিয়ে প্রত্যাশা বড়। আশা করি, আমি সেটা পূরণ করতে পারব।”