২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনাকে ভালোবেসে পুরোপুরি বদলে গেছেন ফ্লিক

এই পরিবর্তনে অবশ্য মোটেও খুশি নন হান্সি ফ্লিক, বরং আরও সংযত হতে চান বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 10:30 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

জার্মান ফুটবলের সঙ্গে যান্ত্রিকতার সম্পর্ক পুরোনো। হান্সি ফ্লিক নিজেও ছিলেন সেরকমই। আবেগের প্রকাশ আগে খুব একটা দেখা যায়নি জার্মান এই কোচের কথায় বা শরীরী ভাষায়। সেই তিনিই এখন অন্যরকম। আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে লাল কার্ডও দেখলেন। তার নিজেরই উপলব্ধি, বার্সেলোনায় আসার পর নিজেকে নতুন করে চিনছেন তিনি। 

গত শনিবার লা লিগায় জিরোনার বিপক্ষে নাটকীয় জয়ের ম্যাচে শেষ সময়ে লাল কার্ড দেখানো হয় ফ্লিককে। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানানোয় সেই কার্ড দেখানো হয় তাকে। রেয়াল মাদ্রিদের বিপক্ষে আগামী রোববার মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে তাই বার্সেলোনার ডাগআউটে থাকতে পারবেন না কোচ।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক মেনে নিলেন, নিজেকে সামলাতে পারেননি তিনি। বার্সেলোনায় আসার পর আবেগের জোয়ারে হাবুডুব খাচ্ছেন বলে জানালেন অকপটেই। 

“আগের চেয়ে আমি নার্ভাস নই, হয়তো আমার আবেগের প্রকাশ আগের মতো নেই আর। আমার মনে আছে, যখন বায়ার্ন মিউনিখের কোচ ছিলাম, বার্সার বিপক্ষে সেই ৮-২ গোলে জয়ের ম্যাচের নানা ছবি ছিল আমাদের, আট গোলের পরও আমাকে হাসতে দেখা পায়নি। এখন আমার আবেগ অনেক বেশি। এই ক্লাব আমাকে পুরোপুরি বদলে দিয়েছে।”

“আমি যা বলতে পারি, এই ক্লাবকে আমি ভালোবাসি। বার্সেলোনাকে ভালোবাসি। এখানকার মানুষদের ভালোবাসি, এটা অসাধারণ এবং এই ক্লাবের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছি।”

আবেগের এমন প্রকাশ অবশ্য দেখাতে চান না ফ্লিক। ৬০ বছর বয়সী কোচের উপলব্ধি, আরও সংযত হতে হবে তাকে।

“সত্যি বলতে, এই ব্যাপারগুলি আমার পছন্দ নয়। টিভিতে যখন নিজেকে এভাবে দেখি… আমার নাতি-নাতনিরা যখন টিভিতে তাদের নানাকে এভাবে দেখে… আমার তা ভালো লাগে না। এজন্যই হয়তো নিজের আচরণে পরিবর্তন আনতে হবে আমার।”

ফ্লিকের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করেছে বার্সেলোনা। সেটির ফলাফল এখনও জানা যায়নি। ফ্লিকের অবশ্য দাবি, লাল কার্ড পাওয়ার মতো তেমন কিছু তিনি করেননি। তবে সিদ্ধান্ত মানতেও তার আপত্তি নেই। 

“রেফারির বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। তার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছিলাম না তখনও… তবে তিনি সেটা নিজের মতো করেই দেখেছেন এবং আমাকে তা মেনে নিতেই হবে।”