Published : 31 Mar 2026, 08:17 AM
বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের ৫৫ জনের একটি তালিকা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে জমা দিয়েছেন লিওনেল স্কালোনি। সেখান থেকে পারফরম্যান্সের ভিত্তিতে ২৬ জনের দল চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ।
আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে চলমান আন্তর্জাতিক উইন্ডোতে এরই মধ্যে একটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে বাংলাদেশ সময় গত শনিবার সকালের ম্যাচটিতে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ওই ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ের ১১৫তম দলের বিপক্ষে আর্জেন্টিনা তাদের শক্তির পার্থক্য দেখাতে পেরেছে খুব সামান্যই।
পরের ম্যাচে বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে জাম্বিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা। তার আগে সোমবার স্কালোনি বললেন, খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চূড়ান্ত দল বেছে নেবেন তারা।
“আমরা ইতোমধ্যে এএফএ-কে ৫৫ জনের তালিকা জমা দিয়েছি; তাদের এটি ফিফার কাছে উপস্থাপন করতে হবে। আমরা পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড় বাদ দেব। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শেষে। দলের জন্য কোনটা সবচেয়ে ভালো, তা নিয়ে ভাবব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। পারফরম্যান্স সন্তোষজনক না হলে আমরা ব্যবস্থা নেব।”
“শেষ কয়েকটি ম্যাচ খেলার অর্থ কী, তা আমরা সবাই জানি; যারা আমাদের সঙ্গে অনেক দিন ধরে আছে, তাদের একটু সুবিধা আছে, কারণ আমরা তাদের সম্পর্কে জানি।”
স্কালোনি নিশ্চিত করেছেন, বিশ্বকাপের আগে আর্জেন্টিনা আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে, যার একটি হবে সার্বিয়ার বিপক্ষে এবং অন্যটির প্রতিপক্ষ এখনও নিশ্চিত করা হয়নি। ২৬ জনের চূড়ান্ত দল নিয়েই খেলা হবে এসব ম্যাচ।