২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই প্রথম গোলটি আমি সারাজীবন মনে রাখব’

সংস্কার-পরবর্তী কাম্প নউয়ে প্রথম গোল নিয়ে রোমাঞ্চিত বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।

‘এই প্রথম গোলটি আমি সারাজীবন মনে রাখব’
কাম্প নউয়ে ফিরে চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে নেন রবের্ত লেভানদোভস্কি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 06:13 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

কাম্প নউয়ে ফুটবল ফেরার উপলক্ষ গোল দিয়ে রাঙাতে পেরে উচ্ছ্বসিত রবের্ত লেভানদোভস্কি। সংস্কার-পরবর্তী সময়ের প্রথম গোল হওয়ায় বার্সেলোনার এই পোলিশ স্ট্রাইকারের রোমাঞ্চ যেন আরও বেশি। বললেন, এই মুহূর্ত তিনি আজীবন মনে রাখবেন।

ঘরে ফেরার ম্যাচে শনিবার আথলেতিক বিলবাওকে ৪-০ গোলে হারায় বার্সেলোনা। জোড়া গোল করেন ফেররান তরেস। লেভানদোভস্কি ও ফের্মিন লোপেস করেন অন্য দুটি গোল। 

চতুর্থ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন লেভানদোভস্কি। ম্যাচ শেষে ইএসপিএনের সঙ্গে আলাপচারিকার সময় অভিজ্ঞ এই স্ট্রাইকার বলেন, মুহূর্তটা তার জন্য বিশেষ।

“শুধু আমার জন্য নয়, সবার জন্যই আজকের দিনটা বিশেষ। এজন্য আমি খুব খুশি যে, কাম্প নউয়ে ফিরে প্রথম গোলটি আমি করতে পেরেছি। অনেক স্টেডিয়ামে খেলার প্রচুর অভিজ্ঞতা আছে আমার, কিন্তু এখানে খেলা বিশেষ কিছু। নিজের জন্য আমি গর্বিত, দলের জন্যও, কারণ আমরা খুব ভালো খেলেছি এবং জিতেছি। আমি মনে করি, এই প্রথম গোল আমার জন্য এমন কিছু যা আমি সারাজীবন মনে রাখব।”

“দুই-তিন দিন আগে জাতীয় দল থেকে ক্লাবে ফেরার পর এক ধরনের আবেগ অনুভব করছিলাম, বুঝতে পারছিলাম কিছু একটা ঘটতে যাচ্ছে, বিশেষ কিছু। আমরা জানতাম, এই ম্যাচ এমন কিছু হবে যা আমরা দীর্ঘ সময় ধরে মনে রাখব। সে কারণে আমরা খুব ভালো করেছি, মাঠে যা করেছি তার জন্য দলকে নিয়ে আমি খুব খুশি।”

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসির মাঠে খেলবে বার্সেলোনা।