বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল যারা
এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে সরাসরি বৈশ্বিক আসরে জায়গা পাওয়া দল চূড়ান্ত হয়ে গেছে।
ইতালিকে উড়িয়ে বাছাই পর্ব থেকে ৩২তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নরওয়ে। এখনও ১৬টি জায়গা বাকি আছে। যার মধ্যে বৈশ্বিক আসরে সরাসরি খেলার টিকেট পাবে ১০টি দল। বাকি ৬টি দল আসবে ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে-অফ থেকে।
দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে সরাসরি বৈশ্বিক আসরে জায়গা পাওয়া দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি আছে ইউরোপ, কনকাকাফ ও প্লে–অফ থেকে দল চূড়ান্তের।
মিলানে রোববার ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ইউরোপ অঞ্চলের বাছাই থেকে পঞ্চম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নরওয়ে। তাদের আগে টিকেট পেয়েছে ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া ও ফ্রান্স।
আগামী বছরের ১১ জুন থেকে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হবে ৪৮ দলের বিশ্বকাপ। স্বাগতিক হিসেবে তিনটি দল আগেই সরাসরি জায়গা করে নিয়েছে বৈশ্বিক প্রতিযোগিতায়।
লাতিন আমেরিকা থেকে সবার আগে টিকেট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্ব জুড়ে চাপে থাকা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও নিশ্চিত করেছে জায়গা। এছাড়া কলম্বিয়া, একুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে পেরিয়েছে বাছাই পর্বের চ্যালেঞ্জ।
এশিয়া অঞ্চল থেকে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান ও কাতার সরাসরি জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে।
আফ্রিকা থেকে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর, ঘানা, কোত দি ভোয়া, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া। ওশেনিয়া অঞ্চল থেকে টিকেট নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড।
আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লেঅফ ফাইনালে টাইব্রেকারে নাইজেরিয়াকে ৪-৩ গোলে হারিয়ে আন্তমহাদেশীয় প্লেঅফে পৌঁছে গেছে কঙ্গো। এই প্লেঅফ পর্ব থেকে থেকে দুটি দল জায়গা করে নেবে ২০২৬ বিশ্বকাপে।
