১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে ইয়ামালকে ‘পাওয়া যাবে’

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, ভালোভাবেই উন্নতি হচ্ছে তরুণ ফরোয়ার্ডের।

বিশ্বকাপে ইয়ামালকে ‘পাওয়া যাবে’
লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 09:28 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

স্পেনের সমর্থকদের জন‍্য সুখবর দিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তিনি জানিয়েছেন, ভালোভাবে সেরে উঠছেন তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।  

লা লিগায় গত ২২ এপ্রিল সেল্তা ভিগোর বিপক্ষে খেলার সময় চোট পান ইয়ামাল। পরে বার্সেলোনা জানায়, তার বাঁ পায়ের হ‍্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। চলতি মৌসুমে আর ক্লাবের হয়ে খেলতে পারবেন না তিনি। 

লিগে শনিবার ওসাসুনার মুখোমুখি হবে বার্সেলোনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এর আগের দিন সংবাদ সম্মেলনে ইয়ামালের চোট পরিস্থিতি নিয়ে জানালেন বার্সেলোনা কোচ।

“জাতীয় দলের চিকিৎসকদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে লামিনেরও যোগাযোগ রয়েছে এবং এটা গুরুত্বপূর্ণ। লামিনের ভালো উন্নতি হচ্ছে। আমি মনে করি, তাকে আমরা বিশ্বকাপে পাওয়া যাবে। সেরে উঠতে তার হাতে সময় আছে, আর সে নিজেও সেটাই চায়।”

বার্সেলোনার আক্রমণভাগের বড় এক ভরসা ছিটকে যাওয়ার পর, মাঠে ফেরার পথে আছেন আরেক নির্ভরযোগ‍্য খেলোয়াড় রাফিনিয়া। দলের সঙ্গে কয়েক দিন ধরে অনুশীলন করলেও, তাকে অবশ্য ওসাসুনার বিপক্ষে খেলানোর নিশ্চয়তা দিলেন না ফ্লিক।

“রাফা সেই সব খেলোয়াড়দের একজন, যে সবসময়ই নিজের শতভাগ দেয়। তার মানসিকতা ও মনোভাব সবসময় একইরকম থাকে। সে সবসময় নিজের সবটুকু দেয়। এই মৌসুমে সে ভুগছে। তবে আমাদের জন‍্য তার ফেরাটা গুরুত্বপূর্ণ। সে আমাদের সঙ্গে সফর করবে, এরপর আমরা দেখব, আগামীকাল কী ঘটে। তবে আমাদের জন‍্য তার ফেরা চমৎকার একটা ব‍্যাপার।”

রাফিনিয়ার মতো চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মার্ক বের্নাল ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। তাদের ফেরা নিয়েও নিজের মত জানালেন বার্সেলোনা কোচ।

“আন্দ্রেয়াসের ব‍্যাপারে, আমরা একবারে এক ধাপ করে এগোবো। বের্নাল আগামীকাল আমাদের সঙ্গে যোগ দেবে।” 

দলের আরেকজন খেলোয়াড়ের ভবিষ‍্যৎ নিয়েও মন্তব‍্য করলেন ফ্লিক। তাতে অবশ্য রবের্ত লেভানদোভস্কির ভবিষ‍্যৎ নিয়ে অনিশ্চয়তা দূল হলো না।

“আমরা কথা বলেছি, তবে এটা কেবল আমাদের মাঝেই থাকবে। আমরা (লিগে) বাকি পাঁচ ম‍্যাচের দিকে মনোযোগী। যখন এগুলো শেষ হবে, তখন কথা বলব এবং দেখব কী ঘটে।”

৩৩ ম‍্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে লা লিগার চূড়ায় আছে বার্সেলোনা। সমান ম‍্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ।