২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে উত্তেজিত হলেও ম্যাচের পর রেফারিকে দায় দিলেন না গুয়ার্দিওলা

নিউক্যাসলের কাছে হারার ম্যাচে মাঠে রেফারির নানা সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্টি জানালেও পরে অভিযোগ তুললেন না ম্যানচেস্টার সিটির কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 10:27 AM

Updated : 26 Aug 2026, 05:10 PM

রেফারির নানা সিদ্ধান্ত নিয়ে ম্যাচজুড়েই বারবার অসন্তুষ্টি জানাতে দেখা পেল পেপ গুয়ার্দিওলা ও তার কোচিং স্টাফদের। প্রথমার্ধে পেনাল্টির জোরাল দাবি জানালেন তারা। নানা সময়ে তারা হয়ে উঠলেন অস্থির ও উত্তেজিত। ম্যাচের পর রেফারির সঙ্গে কথা বলতেও দেখা গেল ম্যানচেস্টার সিটি কোচকে। কিন্তু ম্যাচের পর সবকিছু তিনি ফেলে এলেন মাঠেই। পরে আর কাঠগড়ায় দাঁড় করালেন না রেফারিকে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে শনিবার নিউক্যাসলের মাঠে ২-১ গোলে হেরে যায় ম্যানচেস্টার সিটি। 

ম্যাচের ৬৭ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখে সিটি, গোলে শট নেয় ১৭টি। কিন্তু লক্ষ্যে রাখতে পারে তারা স্রেফ চারটি। নিউক্যাসল গোলে সাতটি শট নিয়েই লক্ষ্যে রাখে ৫টি। দুই দলই বেশ কিছু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়।

এসবের মধ্যে রেফারির নানা সিদ্ধান্তও জন্ম দেয় বিতর্ক। ফিল ফোডেনকে করা চ্যালেঞ্জের জন্য পেনাল্টির জোর দাবি জানায় সিটি। নিউক্যাসলের জয়সূচক গোলটি নিয়েও ছিল সংশয়। ভিএআর দেখে লম্বা সময় বারবার পরখ করার পর অবশেষে গোল বহাল রাখা হয়। 

ম্যাচের পর রেফারির সঙ্গে গুয়ার্দিওলার কথোপকথনেও ফুটে ওঠে সিটির অসন্তুষ্টি।

তবে পরে বিবিসিকে ম্যানচেস্টার সিটি কোচ বললেন অন্য কথা।

“ভিএআর যখন সিদ্ধান্ত দিয়েছে, তখন যা হয়েছে, সেটিই ঠিক। তারা একদম ঠিকঠাক জানে। কোনো প্রশ্ন নেই।”

অনেক সুযোগ হাতছাড়ার করার মহড়ার মধ্যেই সাত মিনিটের মধ্যে গোল তিনটি হয়। ৬৪ ও ৭০তম মিনিটে দুটি গোল করেন নিউক্যাসলের হার্ভি বার্নস। মাঝে একটি গোল শোধ করেন সিটির রুবেন দিয়াস। দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হলান্ড এই ম্যাচে জালের দেখা পাননি।

গুয়ার্দিওলার প্রশংসা পেলেন দুই দলের গোলকিপার। কৃতিত্ব দিলেন তিনি প্রতিপক্ষকে। পাশাপাশি বললেন নিজেদের ব্যর্থতার কথাও। 

“দুই দলের কিপারই ভালো করেছে এবং আমরা সুযোগ হাতছাড়া করেছি। অনেক সুযোগ তৈরি হয়েছে, দারুণ বিনোদনদায়ী ম্যাচ ছিল। শুরুর দিকে আমরা বেশ কবার কাছাকাছি গিয়েছি (গোল করার)।”

“নিউক্যাসল তো শীর্ষ মানের দল, শীর্ষ মানের ফুটবলরার ও কোচ আছে তাদের। দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা মোমেন্টাম কাজে লাগাতে পারিনি। খুবই প্রাণবন্ত ম্যাচ ছিল, দুই দলই অনেক সুযোগ পেয়েছে এবং এক পর্যায়ে মোমেন্টাম বদলে যায়, শেষ পর্যন্ত আমরা পারিনি জিততে।”

হারলেও ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নিউক্যাসল।