Published : 04 Apr 2026, 01:30 PM
সম্ভাব্য দলবদল নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন এন্সো ফের্নান্দেস। তাকে দলের বাইরে রাখার ঘোষণা দিয়েছেন চেলসি কোচ লিয়াম রোস্যানিও। তবে রদ্রির বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা নেবেন না পেপ গুয়ার্দিওলা। এই মিডফিল্ডার রেয়াল মাদ্রিদে যেতে চাইলে ম্যানচেস্টার সিটি তাকে ঠেকাবে না বলেও জানিয়ে দিলেন কোচ।
রোস্যানিও শুক্রবার জানান, চেলসির পরের দুটি ম্যাচে বিবেচনা করা হবে না এন্সো ফের্নান্দেসকে। চেলসি কোচের মতে, আন্তর্জাতিক বিরতির সময় রেয়ালে যাওয়া নিয়ে মন্তব্যে ‘সীমা অতিক্রম’ করে ফেলেছেন এই আর্জেন্টাইন তারকা।
রেয়ালে যাওয়ার সম্ভাবনা নিয়েই রদ্রি কদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছেন, “বিশ্বের সেরা ক্লাবকে ‘না’ বলা যায় না।”
চেলসি যেমন ব্যবস্থা নিয়েছে ফের্নান্দেসকে নিয়ে, রদ্রির বিরুদ্ধে তেমন কিছু করা হবে কি না, জানতে চাইলে তা উড়িয়ে দিলেন গুয়ার্দিওলা।
“চেলসি যা করার করেছে। বাস্তবতা হলো, একজন ফুটবলারও নেই যে রেয়াল মাদ্রিদে খেলার সুযোগ পেলে ফিরিয়ে দেবে। আর তার (রদ্রি) জন্ম তো স্পেনে।”
নিজের ইচ্ছের কথাও জানিয়ে গুয়ার্দিওলা। পাশাপাশি মনে করিয়ে দিলেন, রদ্রির নিজস্ব চাওয়া ভিন্নও হতে পারে।
“আমি তো সবসময়ই চাই, যতদিন সম্ভব এই ক্লাবে থাকুক রদ্রি। কারণ সে একজন অবিশ্বাস্য ফুটবলার, শীর্ষস্থানীয় একজন। কিন্তু সবারই নিজস্ব ভাবনা আছে।”
“আমাদের কাছে সবকিছুর ওপরে ক্লাবের ব্যবস্থাপনা। যদি কোনো ফুটবলার খুশি না থাকে, তবে তাকে চলে যেতে হবে। তারা খুশি থাকলে সবসময় একই নিয়ম বজায় রাখতে হবে এবং আমি মনে করি সে খুশি আছে। যদি সে খুশি না থাকে, তবে স্পোর্টিং ডিরেক্টরের দরজায় কড়া নাড়ুক, তার অসাধারণ মান অনুযায়ী একটি প্রস্তাব গ্রহণ করুক এবং এরপর সে আর এই ক্লাবের থাকবে না- কেবল নিজেরই থাকবে।”
ম্যানচেস্টার সিটিতে রদ্রির চুক্তির বর্তমান মেয়াদ শেষ হবে আগামী বছর। মাঝমাঠ নিয়ন্ত্রণে রাখার মতো একজন ফুটবলারকে পেতে ২৯ বছর বয়সী ফুটবলারকে এই মৌসুম শেষে দলে নিতে চায় রেয়াল, এমন খবর গত কিছুদিনে অনেকবারই বেরিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।
২০২৪ সালের ব্যালন দ’র জয়ী তারকার সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহের কথা আগেও বলেছেন গুয়ার্দিওলা। আবার সেটি তুলে ধরলেন কোচ।
“ক্লাবের চাওয়ার কথা আমি জানি। রদ্রির কাছে তাদের চাওয়া আমাকে জানিয়েছে তারা, সেটা হলো সে যেন থেকে যায়, থেকে যায় এবং থেকে যায়।”
“আমার ধারণা, সে নিজেও এখানে থাকতে চায়। সবসময়ই সেই ইতিবাচক ভাবনা আমার আছে। তবে দিন শেষে, আমি আসলে জানি না…।”