২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাদশে এক পরিবর্তন নিয়ে ভেনেজুয়েলার সামনে ব্রাজিল

চোটে ছিটকে যাওয়া রদ্রিগোর জায়গায় একাদশে ফিরেছেন ভিনিসিউস জুনিয়র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2024, 03:50 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

পেরু ম্যাচের শুরুর একাদশ থেকে স্রেফ একটি পরিবর্তন নিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। চোটে ছিটকে যাওয়া রদ্রিগোর জায়গায় ভিনিসিউস জুনিয়র ফিরেছেন শুরুর একাদশে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার ভোর রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচের জন্য আগের দিন একাদশ ঘোষণা করেছেন দলটির কোচ দরিভাল জুনিয়র।

ঘাড়ের সমস্যার কারণে গত মাসের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে খেলতে পারেননি ভিনিসিউস। রেয়াল মাদ্রিদ তারকাকে এবার দলে ফিরিয়েছে ব্রাজিল। অনুমিতভাবেই তাকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন দরিভাল।

রেয়ালের হয়ে খেলার সময় বাঁ পায়ের পেশিতে চোট পেয়েছেন রদ্রিগো। এতে জাতীয় দল থেকে ছিটকে গেছেন তিনি। তার বদলি হিসেবে গাব্রিয়েল মার্তিনেল্লিকে দলে ডেকেছে ব্রাজিল।

পেরুকে ৪-০ গোলে হারানো ম্যাচের একাদশে থাকা খেলোয়াড়দের ওপরই ভরসা রাখছেন দরিভাল। অভিজ্ঞ এই কোচ বলেছেন, আগের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা একাদশের আরেকটি সুযোগ প্রাপ্য।

“আগের ম্যাচে যে দল শুরু করেছিল, সেই দলকেই রাখা হয়েছে, স্রেফ রদ্রিগোর জায়গায় ভিনিসিউসকে নেওয়া হয়েছে। আগের ম্যাচের পুনরাবৃত্তির ভাবনা আগে থেকেই ছিল আমার। এটা নিয়ে কোনো সংশয় ছিল না। তাদের সবার ওপর নির্ভর করছি, তারা খুবই ভালো খেলোয়াড়, তাদের সম্মান ও সুযোগ প্রাপ্য।”