মালদ্বীপে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ড্র
গোলের কয়েকটি সুযোগ নষ্ট করে বাংলাদেশের ফুটবলাররা।
ভালো সুযোগ নষ্ট হলো কয়েকটি। শেষ পর্যন্ত কোনো গোলের দেখা তাই মিলল না। চার জাতি ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বা অলিম্পিক দল।
মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ম্যাচ জুড়ে দারুণ খেলে ‘ম্যান অব দা ম্যাচ’ হয়েছেন বাংলাদেশের গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ।
মালদ্বীপ ফুটবলের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট। স্বাগতিকদের পাশাপাশি টুর্নামেন্টের আরেক দল হলো আফগানিস্তান।
বাংলাদেশ ছাড়া বাকি তিন দেশেরই জাতীয় দল অংশ নিয়েছে। আগামী শুক্রবার সান ম্যারিনোর বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ থাকায় এই টুর্নামেন্টে খেলছে অলিম্পিক দল।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
