২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে নিজেদের ‘ভীষণ শক্তিশালী’ মনে হচ্ছে কাবরেরার

নিজের দলে হামজা চৌধুরির যোগ দেওয়া, ভারত দলে তারকা ফরোয়ার্ড সুনিল ছেত্রির ফেরা- এই দুই কারণে ম্যাচটি আরও রোমাঞ্চকর হতে যাচ্ছে বলে মনে হচ্ছে বাংলাদেশ কোচের।

ভারতের বিপক্ষে নিজেদের ‘ভীষণ শক্তিশালী’ মনে হচ্ছে কাবরেরার
ভারত ম‍্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: বাফুফে

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

শিলং থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2025, 04:32 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

প্রায় এক মাসের প্রস্তুতি পর্ব শেষ। এখন অপেক্ষা ভারতের বিপক্ষে মহারণের। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে ‘শক্তিশালী’ তকমাটা কেবল যায় ভারতের সঙ্গেই। এই ভাবনায় এবার ছেদ টেনে দিলেন হাভিয়ের কাবরেরা! সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠে বাংলাদেশ কোচও বলে দিলেন, “আমরা মানসিকভাবেও ভীষণ শক্তিশালী অনুভব করছি।”

দলীয়ভাবেও একই অনুভূতি কাবরেরার। জামাল ভূইয়া, কাজী তারিক রায়হানরা আগে থেকেই ছিলেন, ইংলিশ ফুটবলে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ হামজা চৌধুরী যোগ হয়েছেন। মিতুল মারমা, শেখ মোরসালিনদের মতো স্থানীয়রা নিজেদের মানের উন্নতি ঘটিয়েছে। সব মিলিয়ে কাবরেরার মনে হচ্ছে, অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়ে, আরও প্রস্তুত হয়ে শিলংয়ে এসেছে তার দল।

শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সোমবার ভিভান্তা হোটেলে হওয়া সংবাদ সম্মেলনে প্রত্যয়ী এক কোচ হিসেবে গণমাধ্যমের সামনে এলেন কাবরেরা। আত্মবিশ্বাসী উচ্চারণে বলতে থাকলেন ভারত ম্যাচ নিয়ে লক্ষ্য।

“আবারও বলছি, আমি আসলেই অনুভব করছি, আগামীকালের জন্য আমরা প্রস্তুত। নিশ্চিতভাবে ভারতের সিনিয়র দলের বিপক্ষে আমার কোচ হিসেবে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। আমরা জানি, ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান ভালো নয়। ২০০৩ সালের পর বাংলাদেশ তাদেরকে হারাতে পারেনি। কিন্তু আবারও বলছি, আমরা খুবই আত্মবিশ্বাসী এবং অতীতের চেয়ে এবার বেশি শক্তিশালী। তা কেবল পারফরম্যান্সের দিক থেকে নয়, মানসিকভাবেও। আমরা মানসিকভাবেও ভীষণ শক্তিশালী অনুভব করছি।”

“আমি মনে করি, এটা খুবই রোমাঞ্চকর ম্যাচ হবে। আমরা ভীষণ অনুপ্রাণিত। ইতোমধ্যে ২৪ দিন এই ম্যাচের জন্য আমরা অনুশীলন এবং কঠোর পরিশ্রম করেছি, যেটা লম্বা সময়। আমরা খুবই ভালো আছি, আত্মবিশ্বাসী এবং ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করি। আশা করি, ভারতের জন্য সবকিছু কঠিন করে তুলতে পারব আমরা।”

ঢাকা ও সৌদি আরবে প্রস্তুতি নেওয়ার পর শিলংয়ে এসে প্রস্তুতির ভেন্যু ও সময় নিয়ে নানা বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। এগুলো নিয়ে এখন আর ভাবতে চাইছেন না কাবরেরা। তার পুরো মনোযোগ ম্যাচ ঘিরে।

“এসব বিষয় নিয়ে অনেক শোরগোল হয়েছে। সম্ভবত বিষয়গুলো আরও ভালো হতে পারত, কিন্তু আমাদের কাছে বিষয়টা অতীত। আমরা ওগুলো নিয়ে কোনো অজুহাত দাঁড় করাতে চাই না। শেষ পর্যন্ত আমরা মূল মাঠে আজ অনুশীলনের সুযোগ পাচ্ছি। এই সুযোগেরে সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করব আমরা। যাই হোক, আমরা প্রস্তুত। আমরা সেরা ফ্যাসিলিটিজ নিয়ে অনুশীলন করতে পারিনি, কিন্তু সেরা প্রস্তুতিই নিয়েছি। তো ওই বিষয়গুলো আমাদের ভাবনায় এখন আর নেই।”

ভারত-বাংলাদেশ ম্যাচের ভেতরে অন্য এক লড়াই চলবে হামজা চৌধুরী ও সুনিল ছেত্রির। দুজন দুই দলের সবচেয়ে বড় তারকা। এ নিয়ে রোমাঞ্চিত কাবরেরা। 

“আমি মনে করি, হামজার আসা এবং সুনিলের ফেরা আরও রোমাঞ্চকর বিষয়। এটা খুব, খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। তবে নিশ্চিতভাবেই এটা কেবল ওই দুজনের ম্যাচ নয়, আমরা যদি আগামীকাল জিতি, সেটা কেবল হামজার জন্য নয়।”

“হামজা নিশ্চিতভাবে আমাদেরকে আরও ভালো দলে রূপ দিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, আমি মনে করি, সুনিলের ফেরাও ভারতকে আরও ভালো দল করেছে। কিন্তু আগামীকাল যারা জিতবে, একটা দল জিতবে। ভারতের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে, নিজেদের প্রতিও অনেক শ্রদ্ধা আছে আমাদের।”

ডাগআউটেও থাকবে অন্য এক লড়াই। ভারত কোচ মানোলো মার্কেস কাবরেরার স্বদেশি। দুই স্প্যানিশের দ্বৈরথ দারুণ বিষয় হবে, মনে করেন বাংলাদেশ কোচ।

“এটা দারুণ ব্যাপার। সত্যি বলতে, আমার চেয়ে মানোলোর ক্যারিয়ার দীর্ঘ। সবশেষ সে সর্বোচ্চ পর্যায়ে ট্রেনিং করেছে, যদিও সেটা স্পেনের তৃতীয় বিভাগ, সে ভারতকে এরই মধ্যে সঠিক পথে রেখেছে। আমি প্রায় সাড়ে তিন বছর জাতীয় দলের দায়িত্বে আছি, এটাও বড় অর্জন। আমি মনে করি, সবার জন্য আগামীকাল বিনোদনদায়ী ম্যাচ হবে।”