২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে বিস্ময় জাগানোর স্বপ্নে বিভোর হলান্ড

দেশের হয়ে প্রতিযোগিতামূক ফুটবলে সবশেষ টানা ১২ ম‍্যাচে জালের দেখা পেয়েছেন এই গোলমেশিন।

বিশ্বকাপে বিস্ময় জাগানোর স্বপ্নে বিভোর হলান্ড
আর্লিং হলান্ড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 09:49 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

‘আমরা হলান্ডকে চাই, আমরা হলান্ডকে চাই’, ফ্রান্সের বিপক্ষে নরওয়ের গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে এমন শ্লোগান শোনা যাচ্ছিল বস্টন স্টেডিয়ামে। তবুও সিদ্ধান্ত বদলাননি নরওয়ে কোচ স্তল সুলবাকেন, নামাননি দলের সবচেয়ে বড় তারকা ফরোয়ার্ডকে। 

আগের ম‍্যাচের একাদশ থেকে ১০টি পরিবর্তন নিয়ে সেদিন খেলতে নামে নরওয়ে। আগেই শেষ বত্রিশ নিশ্চিত করা দলটি হেরে যায় ৪-১ গোলে। ম‍্যাচ শেষে কোচ বলেন, “তাকে (হলান্ড) খেলিয়ে চোটে ফেলার ঝুঁকি তৈরির কোনো মানেই হতো না। এর জন্য কোনো হতাশা নেই। আমি আমার সিদ্ধান্তে শতভাগ অটল আছি।” 

ডালাস স্টেডিয়ামে মঙ্গলবার শেষ বত্রিশে আইভরি কোস্টের মুখোমুখি হবে নরওয়ে। সব ঠিক থাকলে এই ম‍্যাচে শুরু থেকেই খেলবেন হলান্ড। সাম্প্রতিক সময়ে তার যে পরিসংখ‍্যান, তাতে এই ম‍্যাচে অন্তত একটি গোল তার করারই কথা!

বিশ্বকাপে ইতোমধ্যে দুই ম্যাচে চার গোল করা তারকা স্ট্রাইকার নরওয়ের জার্সিতে আছেন অবিশ্বাস্য ছন্দে। আন্তর্জাতিক ফুটবলে ম্যাচের চেয়ে গোল বেশি তার। নরওয়ের হয়ে ৫২ ম্যাচে করেছেন ৫৯ গোল। বিশ্বকাপ দিয়ে প্রথমবার কোনো বড় টুর্নামেন্ট খেলতে নেমে, টানা দুই ম‍্যাচে করেছেন জোড়া গোল; ইরাক ও সেনেগালের বিপক্ষে। 

প্রথম দুই ম্যাচে হলান্ডের পারফরম্যান্সেই নিশ্চিত হয় নরওয়ের নকআউট পর্ব। দেশের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে সবশেষ ১২ ম‍্যাচেই তিনি পেয়েছেন জালের দেখা। 

গোলমেশিন তকমা পাওয়া এই তারকা পুরোপুরি প্রস্তুত মাঠে ফিরতে। তার উপস্থিতিতে সতীর্থরা স্বপ্ন দেখছেন শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার। যতটা সম্ভব অবদান রাখতে চান হলান্ড, “আমি গোল করার কাজটা খুব ভালো পারি। জানি না, আমি কী করছি, কিন্তু বিষয়টি এমনই।”

নিজের উপস্থিতি বোঝাতে বলে খুব বেশি স্পর্শের প্রয়োজন হয় না হলান্ডের। চলতি আসরে গোলের জন‍্য ১০টি শট নিয়েছেন তিনি, এর প্রতিটিই প্রথম স্পর্শে। এর সাতটি ছিল লক্ষ‍্যে। ইরাক ও সেনেগালের বিপক্ষে মাত্র ৪২ বার করে বল স্পর্শ করেছেন তিনি, দুই ম্যাচেই নরওয়ের যে কারোর সর্বনিম্ন। এই কার্যকারিতাই তাকে বিশ্বের সেরা গোলদাতাদের একজনে পরিণত করেছে। এই টুর্নামেন্টে প্রতি ১০.৫ স্পর্শে একটি করে গোল করেছেন হলান্ড।

২০০০ সালে ইংল্যান্ডের লিডসে জন্ম নেওয়া এই ফুটবলারের ডিএনএতেই আছে ফুটবল। বাবা আলফ-ইঙ্গে হলান্ড খেলতেন ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডে। এই ডিফেন্সিভ মিডফিল্ডার বিশ্বকাপে খেলেছেন ১৯৯৪ সালে।

ম্যানচেস্টার সিটি ও নরওয়ের জার্সিতে তার নামে আছে ভিন্নতা। সিটিতে শুধুই হলান্ড লেখা থাকলেও, নরওয়ের জার্সিতে লেখা ব্রাউত হলান্ড। এর মাধ্যমে মা গ্রি মারিতা ব্রাউত ও মায়ের পরিবারকে সম্মান জানান এই স্ট্রাইকার। দীর্ঘদেহী এই স্ট্রাইকারের মা হওয়া পাশাপাশি তিনি ছিলেন হেপ্টাথলেট। ১৯৮০-১৯৯০ এর দশকে একাধিক জাতীয় শিরোপা জিতেছেন। মায়ের দিকের পরিবারে হল্যান্ডের বেশ কয়েকজন মামাতো-খালাতো ভাই-বোন যেমন- ইয়োনাথান, আলবার্ট ও এমা ব্রাউত- সকলেই ক্যারিয়ার গড়েছেন ফুটবলে। 

তবে তাদের চেয়ে অনেকটাই এগিয়ে হলান্ড। তার গোল করার সামর্থ্য নিয়ে নেই কোনো সংশয়। ২০১৯ সালে পোল্যান্ডে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে হন্ডুরাসের বিপক্ষে ১২-০ ব্যবধানে রেকর্ড জয় পায় নরওয়ে। ওই ম্যাচে একাই ৯ গোল করেন হলান্ড।

অস্ট্রিয়ান ক্লাব সালসবুর্ক থেকে ২০২০ সালে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেন হল্যান্ড। ওই বছরের ১৮ জানুয়ারি আউসবুর্কের বিপক্ষে ম্যাচে অভিষেক হয় তার। ম্যাচের ৫৫ মিনিটে বরুশিয়া যখন ৩-১ ব্যবধানে পিছিয়ে, তখন মাঠে নামেন তিনি। দলের কোণঠাসা পরিস্থিতিতে মাঠে নেমে এই স্ট্রাইকার ২৩ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক, জার্মান ফুটবলে এটাই বদলি নেমে কারো প্রথম হ্যাটট্রিক। হল্যান্ডের সেই পারফরম্যান্সে ভর করে বরুশিয়া জয় পায় ৫-৩ ব্যবধানে।

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জোড়া গোল করেও রেকর্ড গড়েছেন এই নরওয়েজিয়ান। ষষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচে গোলের কীর্তি গড়েন তিনি।

এবারের আসরে গোল্ডেন বুট নিয়ে লিওনেল মেসির সঙ্গে দারুণ লড়াইয়ে আছেন হলান্ড। আলজেরিয়ার পর মেসির হ্যাটট্রিকের পর স্ন্যাপচ্যাটে হলান্ড লেখেন, “মেসি একজন পাগল।” জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ৩-১ গোলে জয়ের ম্যাচে বদলি নেমে এক গোল করেন মেসি। তার দারুণ ফ্রি-কিকের ওই গোলের পর হলান্ড লিখেছিলেন, “মেসি কখনও আমাকে বিশ্বকাপের গোল্ডেন বুট স্পর্শ করতে দেবেন না।”

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের পর, মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন মেসি। এরপর হলান্ড প্রশ্ন করেন, “মেসি, আপনি কি মানুষ?” এই প্রশ্নে রসিকতা স্পষ্ট। 

মেশিনের মতো কার্যকর এই ফুটবলারের মধ্যে লুকিয়ে আছে দারুণ এক মানুষ আর অনেক বড় প্রত্যাশা। দেশকে তিনি দিতে চান বিশ্বকাপ জয়ের গৌরব।