২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সঙ্গে বিশ্বকাপ নিয়ে ‘কথা হয়নি’ স্কালোনির

২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কি না, সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও।

মেসির সঙ্গে বিশ্বকাপ নিয়ে ‘কথা হয়নি’ স্কালোনির
কোচের সঙ্গে লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 09:45 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

আগামী বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি? প্রশ্নটির উত্তর এখনও অজানা। এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি মহাতারকা। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বললেন, বিশ্বকাপ নিয়ে অধিনায়কের সঙ্গে এখনও কথা বলেননি তিনি।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে একুয়েডরের মাঠে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার কথা জানানো হয়েছে আগেই।

বুয়েন্স এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় গত শুক্রবার সকালে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানো ম্যাচে পুরো সময় খেলেন মেসি। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে তার শেষ ম্যাচ ছিল এটি, আবেগঘন ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক তিনিই।

ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মেসি। ম্যাচ শুরুর আগে তিন ছেলেকে একসঙ্গে নিয়ে ছবি তোলেন তিনি। শেষ বাঁশি বাজার পর সতীর্থরা আলিঙ্গনে বাঁধেন তাকে।

আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের নায়ক আগামী আসরে খেলার প্রসঙ্গে ম্যাচ শেষে বলেন, এখনও কোনো সিদ্ধান্ত তিনি নেননি।

একুয়েডর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই ব্যাপারে কোচ স্কালোনি বললেন, মেসির যে কোনো সিদ্ধান্তই হবে সঠিক।

“লিওর সঙ্গে বিশ্বকাপ নিয়ে কথা বলিনি আমি। জানি সে কী বলেছে এবং সে সিদ্ধান্তটি শান্ত মনে নেবে। সে যা সিদ্ধান্ত নেবে, তাই সঠিক।”

মেসির বিশ্রামের পাশাপাশি কার্ডের খাঁড়ায় একুয়েডর ম্যাচে খেলতে পারবেন না ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোও। আগের ম্যাচের একাদশ থেকে অন্তত দুটি পরিবর্তন তাই আনতেই হবে। স্কালোনি জানিয়েছেন, আরও বেশ কিছু পরিবর্তন আনতে পারেন তিনি।