২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম হ্যাটট্রিকের পথ ধরে আরও ভালো কিছুর আশায় রাফিনিয়া

এই মৌসুমে বার্সেলোনার হয়ে দারুণ কিছু করতে চান ব্রাজিলিয়ান এই উইঙ্গার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2024, 01:08 PM

Updated : 26 Aug 2026, 10:23 AM

বয়স পেরিয়ে গেছে ২৭। স্বীকৃত ফুটবলে তিনশর মতো ম্যাচ খেলা হয়ে গেছে। অবশেষে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন রাফিনিয়া। এই পারফরম্যান্সকে সঙ্গী করেই আরও সামনে ছুটতে চান তিনি। এই মৌসুমে বার্সেলোনার হয়ে অসাধারণ কিছু করার লক্ষ্য ব্রাজিলিয়ান উইঙ্গারের। 

লা লিগায় শনিবার রেয়াল ভাইয়াদলিদকে গোল বন্যায় ভাসানোর ম্যাচটি ছিল রাফিনিয়াময়। দারুণ এক হ্যাটট্রিক উপহার দেন তিনি, অবদান রাখেন আরও দুটি গোলে। ভাইয়াদলিদকে ৭-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয়ের দেখা পায় বার্সেলোনা।

২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় আসা রাফিনিয়া তার প্রতিভা ও সামর্থ্যের ঝলক দেখিয়েছেন নানা সময়েই। তবে প্রত্যাশিত ধারাবাহিকতা দেখাতে পারেননি। 

এই ম্যাচে হ্যাটট্রিকের পর তিনি জানালেন, এই মৌসুমে ভালো করতে নিজের কাছেই প্রতিজ্ঞা করেছেন তিনি। 

“জানি না, এটাই আমার সেরা পারফরম্যান্স কি না। তবে অবশ্যই সেরাগুলোর একটি। খুবই খুশি আমি, আমার প্রথম হ্যাটট্রিক এটি। চেষ্টা করব সামনে আরও ভালো খেলতে এবং যত বেশি সম্ভব (গোল) করতে।”

“দলকে জেতাতে পেরে আমি উচ্ছ্বসিত। খুব ভালো লাগছে। ছুটি থেকে ফেরার পর কঠোর পরিশ্রম করে চলেছি। সেটির ফল মিলছে। জানতাম, আমার জন্য এই মৌসুম দারুণ গুরুত্বপূর্ণ এবং সতীর্থদের সহায়তা করার জন্য নিজের সেরা রূপা থাকতে হবে আমাকে।”

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের বিশ্বাস, এমন পারফরম্যান্সের পুনরাবৃত্তি বারবার করতে পারবেন রাফিনিয়া। এই মৌসুমে সব ম্যাচেই তার পারফরম্যান্সে মুগ্ধ কোচ। 

“আমার মনে হয়, নিয়মিতই এমন কিছু করার সামর্থ্য তার আছে। দুর্দান্ত খেলেছে সে। আমার ধারণা, আগের চেয়ে একটু মুক্ত হয়ে খেলতে পারছে সে এখন। অনেক কিছুই সে খুব ভালোভাবে করছে। রাফা এমন একজন, মৌসুমের প্রথম চার ম্যাচেই যে দারুণ খেলেছে।”

এই মৌসুমের জন্য বার্সেলোনা দলে যোগ করেছে দানি ওলমোকে। বার্সেলোনায় শুরুটা দারুণ করেছেন তিনি। এছাড়াও ‘বি’ দল থেকে মূল দলে আনা হয়েছে পাউ ভিক্তরকে। ওলমোর মতোই ইউরোতে আলো ছড়ানো নিকো উইলিয়ামসকে দলে নেওয়া নিয়েও আলোচনা হয়েছে অনেক। শেষ পর্যন্ত সেটি দেখা যায়নি। মৌসুম শুরুর ট্রান্সফার উইন্ডোও শেষ হয়ে গেছে। 

তবে এখন যে স্কোয়াড আছে, সেখানে নতুন কাউকে যোগ করার প্রয়োজন দেখছেন না রাফিনিয়া।

“আজকের ম্যাচেই ফুটে উঠেছে যে, নতুন কোনো ফুটবলার আনার প্রয়োজন নেই আমাদের। আমরা খুব ভালো ফর্মে আছি। ম্যাচে ও অনুশীলনে নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছে গোটা দল। আমরা একতাবদ্ধ থেকে মাঠে নামায় কাজ করছি এবং আজকের ম্যাচের ফলেই সেটির প্রতিফলন পড়েছে।”