২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার বিশ্বকাপে উজবেকিস্তান ও জর্ডান, চূড়ান্ত হলো কয়টি দল?

টানা ১১ বার ফুটবল বিশ্বকাপে মূল পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়াও।

প্রথমবার বিশ্বকাপে উজবেকিস্তান ও জর্ডান, চূড়ান্ত হলো কয়টি দল?
বিশ্বকাপের টিকেট নিশ্চিতের পর উজবেকিস্তান দলের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2025, 04:39 AM

Updated : 26 Aug 2026, 01:08 PM

নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় সাফল্য পেয়েছে উজবেকিস্তান ও জর্ডান। বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো দেশ দুটি জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। 

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বৃহস্পতিবার আরও একটি দল মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে, দক্ষিণ কোরিয়া। 

প্রথমবারের মতো ৪৮ দলের আসছে আসরটি আগামী বছর হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিকের মর্যাদায় এই তিন দলের বিশ্বকাপে খেলা আগে থেকেই নিশ্চিত। সেই সঙ্গে বাছাই উৎরে বৃহস্পতিবার পর্যন্ত যোগ হয়েছে আরও সাতটি দল।

এশিয়া অঞ্চলের বাছাইয়ে তৃতীয় রাউন্ডে এ দিন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করে ‘এ’ গ্রুপের শীর্ষ দুইয়ে জায়গা পাকা করে ফেলেছে উজবেকিস্তান। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা।

তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে গত মার্চে বিশ্বকাপে খেলা নিশ্চিত করা ইরান।

এশিয়া অঞ্চলের বাছাইয়েই ‘বি’ গ্রুপ থেকে এ দিন বিশ্বকাপে উঠেছে দক্ষিণ কোরিয়া ও জর্ডান।

ইরাককে ২-০ গোলে হারিয়ে নতুন সংস্করণের বিশ্বকাপে খেলা নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া। এই নিয়ে টানা ১১ বার বিশ্বকাপের মূল পর্বে উঠল ২০০২ আসরে বিস্ময় জাগিয়ে সেমি-ফাইনাল খেলা দেশটি।

আর তাদের এই জয়ের সৌজন্যে দিনের আরেক ম্যাচে ওমানের বিপক্ষে ৩-০ গোলে জয়ী জর্ডানেরও বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায়। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দুইয়ে জর্ডান। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে দক্ষিণ কোরিয়া।

স্বাগতিক তিন দল ছাড়া আগামী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা সাতটি দল হলো- জাপান, নিউ জিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।