২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে প্রীতি-আলপিদের হার

দুই অর্ধেই গোল হজম করে হেরেছে মাহবুবুর রহমান লিটুর দল।

ভারতের বিপক্ষে প্রীতি-আলপিদের হার
ম্যাচে কখনোই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 05:42 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

ভারতের বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারলেন না আলপি আক্তার, সুরভী আকন্দ প্রীতিরা। প্রথমার্ধে পিছিয়ে পড়া দল পরে হজম করল আরও একটি। সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নিশপের চলতি আসরে প্রথম হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ।

ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ভুটানকে ৩-১ গোলে হারিয়ে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা শুরু করেছিল মাহবুবুর রহমান লিটুর দল।

প্রতিপক্ষের আক্রমণে কোণঠাসা বাংলাদেশ চতুর্দশ মিনিটে পিছিয়ে পড়ে। সতীর্থের বল ধরে আক্রমণে ওঠা পার্ল ফের্নান্দেসকে আটকাতে পারেননি কোনো ডিফেন্ডার। এক ছুটে বক্সে ঢুকে ভারতের এই ফরোয়ার্ডের শট গোলকিপারের হাত ছুঁয়ে জালে জড়ায়।

৩৬তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফাতেমা আক্তারের কর্নারে আলপি আক্তারের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। ভুটান ম্যাচে জোড়া গোল করা এই ফরোয়ার্ডকে হতাশা প্রকাশ করতে দেখা যায়।

দ্বিতীয়ার্ধেও পাল্টা জবাব দিতে পারেনি বাংলাদেশ। উল্টো ৭৫তম মিনিটে আরও এক গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায় মেয়েরা। কর্নারে গোলমুখে থাকা বোনিফিলিয়া সুল্লাই নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন। তাতে টানা দ্বিতীয় জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় ভারতের।

রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে রোববার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।