এবারও হচ্ছে না কোটি টাকার সুপার কাপ
একাধিক দলের প্রিমিয়ার লিগে অংশ না নেওয়ার গুঞ্জন বিবেচনায় রেখে খেলোয়াড় নিবন্ধনের সংখ্যা আগের চেয়ে চার জন বাড়িয়েছে বাফুফে।
এক দশকেরও বেশি সময় ধরে মৌসুম এলেই আলোচনায় ওঠে সুপার কাপ আয়োজনের প্রসঙ্গ। কোটি টাকা প্রাইজমানির এই আসর নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারাও প্রতিশ্রুতির ডালি মেলে ধরেন, কিন্তু মাঠে গড়ায় না প্রতিযোগিতাটি। যথারীতি এবারের মৌসুমেও সুপার কাপের গল্পের চিত্রনাট্যে এলো না পরিবর্তন!
বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি সোমবার জরুরি সভায় বসেছিল। এরপর বিবৃতি দিয়ে বাফুফে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতির আলোকে’ সুপার কাপ ও স্বাধীনতা কাপ আয়োজন করবে না তারা। ২০২৪-২৫ মৌসুমে হবে কেবল ফেডারেশন কাপ, প্রিমিয়ার লিগ ও চ্যালেঞ্জ কাপ।
ক্ষমতার পালাবদলে প্রিমিয়ার লিগে খেলা দলগুলোর মধ্যে শেখ রাসেল ক্রীড়া চক্র আসছে লিগে অংশ না নেওয়ার কথা জানিয়ে দিয়েছে বাফুফেকে। চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব রয়েছে দলবদলের কার্যক্রম থেকে দূরে। ফলে শতাধিক ফুটবলারের ভবিষ্যৎ পড়েছে অনিশ্চয়তায়।
এ কারণে দলবদলের আগের নিয়মে পরিবর্তন এনেছে কমিটি। ৩৬ জনের বদলে এবার প্রতিটি দল সর্বোচ্চ ৪০ জন নিবন্ধনের সুযোগ রেখেছে তারা।
মৌসুম শুরুর দিনক্ষণ অবশ্য চূড়ান্ত করতে পারেনি কমিটি। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লিগ শুরুর কথা থাকলে বিবৃতিতে তারা জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে কিছুটা বিলম্বে শুরু হবে।’
২০১৩ সালে সবশেষ হয়েছিল সুপার কাপ। পুরস্কারের অঙ্ক এক কোটি টাকা হওয়ায় আসরটি ফুটবলপ্রেমীদের কাছে নাম পেয়েছিল ‘কোটি টাকার সুপার কাপ।’ এ পর্যন্ত হওয়া তিনটি টুর্নামেন্ট মোহামেডান দুইবার (২০০৯ ও ২০১৩) এবং আবাহনী (২০১১) একবার চ্যাম্পিয়ন হয়েছে।
এ মৌসুমেও প্রতিযোগিতাটি আয়োজন নিয়ে বাফুফে কর্মকর্তারা জোরাল প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্ত শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে না। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
