‘অসন্তুষ্ট’ রোনালদোকে ‘সতর্ক’ করল সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ
ক্লাবের কিছু সিদ্ধান্তে নাখোশ ক্রিস্তিয়ানো রোনালদো আল ইত্তিহাদের বিপক্ষে নাও খেলতে পারেন বলে একটি সুত্রের বরাতে প্রতিবেদন ছাপিয়েছে ইএসপিএন।
পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। নানা সুত্রের বরাতে গণমাধ্যমে খবর এসেছে আল নাস্রের কিছু সিদ্ধান্তে অসন্তুষ্ট ক্রিস্তিয়ানো রোনালদো পরের ম্যাচে আল ইত্তিহাদের বিপক্ষেও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে ক্লাবের বিনিয়োগ পরিকল্পনায় নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের হস্তক্ষেপের সুযোগ নেই উল্লেখ করে, পর্তুগিজ মহাতারকাকে সতর্ক করে দিয়েছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ।
ক্লাবের সাথে রোনালদোর টানাপোড়েনের সুত্রপাত মূলত জানুয়ারির দলবদলে আল নাস্রের নিস্ক্রিয়তা নিয়ে। প্রতিদ্বন্দ্বী দলগুলো যেখানে কাড়িকাড়ি অর্থ বিনিয়োগ করছে, সেখানে আল নাস্র বসে আছে হাত-পা গুটিয়ে। ক্লাবের সিদ্ধান্তে নাখোশ রোনালদো তাই আল রিয়াদের বিপক্ষে সবশেষ ম্যাচে খেলেননি। তার অনুপস্থিতিতেই আল নাস্র ম্যাচটি জিতেছিল ১-০ গোলে।
দুই পক্ষের এই টানাপোড়েন আরও বাড়ে সম্প্রতি আল হিলাল আরও শক্তি বৃদ্ধি করায়। দলটি আল ইত্তিহাদ থেকে ফরাসি ফরোয়ার্ড কারিম বেনজেমাকে এনেছে নিজেদের তাঁবুতে। এরই মধ্যে খবর চাউর হয়েছে শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচেও না খেলার সিদ্ধান্তে অনড় রোনালদো!
সুত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) সৌদি প্রো লিগের ক্লাব ব্যবস্থাপনায় পরিবর্তন আনবে, এমন নিশ্চয়তা না পাওয়ায় টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পরিকল্পনা করছেন রোনালদো। আল নাস্র কর্তৃপক্ষের অবশ্য আশা, শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে খেলবেন রেয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড।
আল নাস্রের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা পিআইএফ আল হিলালের ৭৫ শতাংশ শেয়ারের মালিক। অথচ আল হিলাল বেনজেমাকে কিনতে সক্ষম হয়েছে শীতকালীন দলবদলে। সেখানে আল নাস্র কর্তৃপক্ষ বিনিয়োগেই যেতে পারেনি। রোনালদো আসলে অখুশি এই পিআইএফকে নিয়ে।
ক্লাবের বিনিয়োগের নীতির বিষয়টি উল্লেখ করে সতর্ক করা হয়েছে রোনালদোকে। সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা কেবল ক্লাব কর্তৃপক্ষের, কোনো খেলোয়াড়ের নয়। লিগ কর্তৃপক্ষের এক মুখপাত্র তুলে ধরেছেন তাদের নীতিমালাগুলো।
“সৌদি প্রো লিগ একটি সাধারণ নীতিমালার উপর ভিত্তি করে গঠিত। প্রতিটি ক্লাব একই নিয়মের অধীনে কাজ করে স্বাধীনভাবে।”
“ক্লাবগুলোর নিজস্ব বোর্ড, নির্বাহী বোর্ড এবং ফুটবল নিয়ে নিজস্ব নেতৃত্ব রয়েছে। নিয়োগ, ব্যয় এবং কৌশল নির্ধারণের ক্ষেত্রে ক্লাবগুলোর সাথে বসে একটি আর্থিক কাঠামো তৈরি করা হয়েছে, যেটি টেকসই এবং প্রতিযোগিতামূলক ভারসাম্য রক্ষা নিশ্চিত করে। এই কাঠামো লিগ জুড়ে সবার প্রতি সমানভাবে প্রযোজ্য।”
বিনিয়োগের ক্ষেত্রে প্রতিটি ক্লাবের নিজস্ব পরিকল্পনা থাকে বলে উল্লেখ করেছেন ওই মুখপাত্র। অবশ্য তার কথায় রোনালদোর অতুষ্টির কারণও ফুটে উঠেছে।
“আল নাস্রে যোগ দেওয়ার পর থেকে রোনালদো সবকিছুর সাথে নিবিড়ভাবে জড়িত এবং ক্লাবের বেড়ে ওঠা এবং আকাঙ্ক্ষা পুরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। যেকোনো অভিজাত খেলোয়াড়ের মতো সেও জিততে চায়। কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তি যত গুরুত্বপূর্ণই হোক না কেন-নিজেদের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নেয় না।”
“সাম্প্রতিক দলবদল ক্লাবগুলোর সেই স্বাধীনতা পরিষ্কারভাবে তুলে ধরছে। একটি ক্লাব নির্দিষ্ট উপায়ে দল শক্তিশালী করছে, আরেকটি ক্লাব ভিন্ন পথে হাঁটছে। এগুলো ক্লাবের সিদ্ধান্ত, যেটি তারা নিচ্ছে তাদের অনুমোদিত আর্থিক মানদণ্ডের উপর ভিত্তি করে।”
লিগ টেবিলে বর্তমানে চার দলের লড়াই চলছে। ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রোনালদোর দল আল নাস্র। পয়েন্ট টেবিলের লড়াই টেনে ওই মুখপাত্র দাবি করেছেন, তাদের মনোযোগ মাঠেই আছে।
“লিগের প্রতিদ্বন্দ্বিতাই দেখাচ্ছে লিগের মান। টেবিলে সেরা চারে থাকা দলগুলোর পয়েন্টের ব্যবধান খুবই কম। শিরোপা লড়াই জীবন্ত। ভারাসাম্যের মধ্যেই প্রতিফলিত হচ্ছে, উদ্দেশ্য অনুযায়ী কাজ করছে পদ্ধতিটি।”
“মনোযোগ ফুটবলেই আছে-মাঠে, যেখানে এটা থাকা উচিত- এবং খেলোয়াড় ও সমর্থকদের জন্য একটি বিশ্বাসযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতা বজায় রাখার দিকেই দৃষ্টি আছে আমাদের।”
পরিস্থিতি জটিল হলেও আল নাস্র অবশ্য তাদের সেরা তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেনি। বৃহস্পতিবার ছিল রোনালদোর জন্মদিন। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ পোস্ট করা বার্তায় পর্তুগিজ তারকাকে শুভেচ্ছা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
“কিংবদন্তিরা কেবল বেড়ে ওঠে। তোমার নিবেদন, মানসিকতা এবং নেতৃত্ব আমাদের স্বপ্নগুলোকে এগিয়ে নেয়। শুভ জন্মদিন ক্রিস্তিয়ানো।”
