২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদের হাতে আর নেই’, লাগাম হারিয়ে হতাশ গুয়ার্দিওলা

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে গুরুত্ব্পূর্ণ পয়েন্ট হারিয়ে বড় ধাক্কা লেগেছে ম্যানচেস্টার সিটির সম্ভাবনায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 10:30 AM

Updated : 26 Aug 2026, 03:33 PM

শেষ সময়ে জেরেমি ডোকুর গোলে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন পেপ গুয়ার্দিওলা। কিছুই না পাওয়ার চেয়ে তো অন্তত ১ পয়েন্ট পাওয়া ভালো! তবে ওই স্বস্তিটুকু সাময়িক। সামনে তাকিয়ে ম্যানচেস্টার সিটি কোচের মনে তোলপাড় তুলছে ২ পয়েন্ট হারানোর আক্ষেপ। সেই হতাশা তিনি লুকালেন না।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে প্রতিটি পয়েন্ট যখন মহামূল্য, ম্যানচেস্টার সিটি সেখানে হারিয়েছে পয়েন্ট। এভারটনের মাঠে সোমবার তারা ড্র করে ৩-৩ গোলে।

আরও বাজে কিছুও অবশ্য হতে পারত। ৬৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকা সিটি ৩ গোল হজম করে বসে পরের ১৩ মিনিটের মধ্যে। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল করে হার থেকে দলকে রক্ষা করেন ডোকু, যিনি করেছিলেন প্রথম গোলটিও।

এই ম্যাচের পর শিরোপার লড়াইয়ের ভাগ্য আর সিটির হাতে রইল না। তাদের অপেক্ষা করতে হবে আর্সেনালের পা হড়কানোর। 

৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট মিকেল আর্তেতার দলের, ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট গুয়ার্দিওলার দলের।

দলের খেলার অবশ্য অখুশি নন গুয়ার্দিওলা। তবে শিরোপা ভাগ্যের মলিন হয়ে যাওয়া ছবিটা তাকে স্বীকার করতেই হচ্ছে।

“হারার চেয়ে এটা (ড্র)। তবে আমরা তো জিততেই চেয়েছি। আমরা জয়ের জন্যই খেলি এবং দেখিয়ে দিয়েছি যে, আমরা কতটা শক্তিশালী দল। সবকিছুই চেষ্টা করেছি আমরা, ছেলেরা মাঠে আক্রমণাত্মক ছিল।”

“এখন এটা (শিরোপার লড়াই) আর আমাদের হাতে নেই। আগে ছিল, এখন আর নেই। লিগে আমাদের চারটি ম্যাচ বাকি আছে। সেগুলো প্রায় একই রকম হবে এবং আমরা দেখব, কী হয়…।”

পয়েন্ট হারানো হতাশা থাকলেও অবশ্য শিরোপার আশা ছাড়ছেন না ডোকু। লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করলেন জোড়া গোল করা উইঙ্গার। 

“এটা যন্ত্রণাদায়ক (পয়েন্ট হারানো)। তবে এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে এবং যে কোনো কিছুই ঘটতে পারে।”

“আমরা লড়াই চালিয়ে যাব। এটা আমাদের নিজেদের এবং সমর্থকদের প্রতি আমাদের দায়বদ্ধতা।”