লিভারপুলের সেট-পিস ব্যর্থতায় খড়গ নামল কোচের ওপর
পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ মৌসুমে ক্রমেই সেট পিসে ধার কমেছে দলটির।
সময়ের সঙ্গে ডেড-বল পরিস্থিতিতে লিভারপুলের অবস্থা কেবল খারাপই হচ্ছে। আর এই ব্যর্থতার দায় মাথায় নিয়ে চলে যেতে হলো দলটির সেট-পিস কোচ অ্যারন ব্রিগসকে।
মৌসুমের শুরু থেকেই এই জায়গায় ভুগছে ইংলিশ চ্যাম্পিয়নরা। সবশেষ গত শনিবার প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচেও সেট-পিসে গোল হজম করে তারা। এরপরই বলা যায়, ক্লাব কর্তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।
ক্লাবের ওয়েবসাইটে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে ব্রিগসের বিদায়ের বিষয়টি জানানো হয়। ক্লাবের সবাইকে তিনি শুভকামনা জানিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
চলতি মৌসুমে সেট পিস থেকে ১২টি গোল হজম করেছে লিভারপুল, প্রিমিয়ার লিগে যা বোর্নমাউথ ও নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।
বিপরীতে, সেট পিসে গোল করার দিক থেকে আবার অনেক পিছিয়ে লিভারপুল, মাত্র তিনটি। সেট পিসে আশানুরূপ গোল না পাওয়ায় দলটির প্রধান কোচ আর্না স্লট বেশ কয়েকবার হতাশা প্রকাশ করেছেন। আর উলভসের বিপক্ষে জয়ের পর দলটির অধিনায়ক ভার্জিল ফন ডাইকও সেট-পিস থেকে যথেষ্ট গোল না করতে পারা ও বেশি গোল হজম করা নিয়ে হতাশা ব্যক্ত করেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে বিশেষজ্ঞ সেট-পিস কোচ হিসেবে লিভারপুলে যোগ দেন ব্রিগস। কিন্তু তার সময়ে সেভাবে কখনোই এই জায়গায় উন্নতি হয়নি দলটির।
প্রিমিয়ার লিগের গত পাঁচ আসর বিবেচনায় নিলে দেখা যায়, প্রতি মৌসুমেই সেট পিসে গোল করার হিসেবে ধার কমেছে লিভারপুলের।
২০২১-২২ আসরে তারা কর্নার ও ইনডাইরেক্ট ফ্রি কিক থেকে গোল করেছিল ১৮টি, ম্যাচপ্রতি গড় ০.৪৭।
২০২২-২৩ আসরে সংখ্যাটা ছিল ১৭ এবং ২০২৩-২৪ আসরে ১৫। গত আসরে এক ধাক্কায় তা নেমে আসে ৯-এ!
আর এবার তো মৌসুমের মাঝপর্যায়ে এসে সংখ্যাটা যেন তলানিতে ঠেকেছে।
