চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে ডর্টমুন্ডে চোটের ছোবল
হাঁটুর চোটে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন জার্মান ডিফেন্ডার ফিলিক্স মেচা।
চ্যাম্পিয়ন্স লিগে প্রাথমিক পর্বের শেষ ম্যাচের আগে ধাক্কা খেল বরুশিয়া ডর্টমুন্ড। জার্মানির ডিফেন্ডার ফিলিক্স মেচাকে কয়েক সপ্তাহের জন্য হারাল টুর্নামেন্টের গত আসরের রানার্সআপরা।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় বুধবার শাখতার দোনেৎস্কের বিপক্ষে খেলবে ডর্টমুন্ড। আগের দিন সংবাদ সম্মেলনে এসে ২৪ বছর বয়সী মেচার হাঁটুর চোটের কথা জানান ডর্টমুন্ডের অন্তর্বর্তীকালীন কোচ মাইক তুলবেরি।
গত সপ্তাহে প্রধান কোচ নুরি শাহিনকে ছাঁটাই করে ডেনমার্কের তুলবেরি আপাতত দায়িত্ব দিয়েছে ডর্টমুন্ড।
বুন্ডেসলিগায় শনিবার ভার্ডার ব্রেমেনের বিপক্ষে ২-২ ড্র ম্যাচের শুরুতেই এই চোট পান মেচা। ম্যাচ শুরুর ১২ মিনিট পরই হাঁটুর সমস্যা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে ৩ গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন মেচা।
গত আসরে ফাইনাল খেললেও এবার চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থায় নেই ডর্টমুন্ড। চার জয় ও তিন হারে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে তারা।
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে প্রাথমিক পর্ব শেষে পয়েন্ট টেবিলের প্রথম ৮ দল সরাসরি খেলবে শেষ ষোলোয়। সেই সুযোগটি আপাতত একদমই ক্ষীণ ডর্টমুন্ডের। ৯ থেকে ২৪ নম্বর দল খেলবে দুই লেগের প্লে অফে। যেখানে খেলা অবশ্য নিশ্চিত করেছে তারা।
