২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর্জেন্টিনা ম্যাচ ভীষণ-ভীষণ কঠিন হবে’

আর্জেন্টিনা ম্যাচের ছক কষতে বসে গেছেন জয়ে বিশ্বকাপ শুরু করা অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক।

‘আর্জেন্টিনা ম্যাচ ভীষণ-ভীষণ কঠিন হবে’
জর্ডান ম‍্যাচে হাইড্রেশন বিরতিতে কথা বলছেন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 03:19 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

এবারের প্রতিপক্ষ আর্জেন্টিনা। জর্ডানকে হারিয়ে বিশ্বকাপের ফেরার ক্ষণ রাঙিয়ে রাখার আনন্দটুকু তাই তুলে রাখতে হচ্ছে অস্ট্রিয়াকে। বসতে হচ্ছে, ছক সাজাতে। দলটির কোচ, রালফ রাংনিকও জানেন, মেসি-মার্তিনেসদের সামনে এবার কঠিন পরীক্ষা দিতে হবে তাদের।

উত্তর আমেরিকা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডালাসে মুখোমুখি হবে এই দুই দল। বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

‘জে’ গ্রুপের যাত্রা তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুরু করেছে অনায়াস জয়ে। মহাতারকা লিওনেল মেসির দারুণ হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনাও পেয়েছে অস্ট্রিয়া। তবে, এ ম্যাচে জর্ডানের প্রতিরোধ ভাঙতে কম কষ্ট হয়নি তাদের। দ্বিতীয়ার্ধের আত্মঘাতী গোলে ম্যাচে দ্বিতীয় দফায় এগিয়ে যায় রাংনিকের দল। যোগ করা সময়ে সফল স্পট কিকে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন মার্কো আর্নাতোভিচ।

আর্জেন্টিনার বিপক্ষে গল্পটা এমন হওয়ার সম্ভাবনা যে খুবই ক্ষীণ, জানেন রাংনিক। বরং ম্যাচের পরতে পরতে ধুঁকতে হবে, সামলাতে হবে মেসি-মার্তিনেসকে আক্রমণের ঝড়। বল পায়ে রাখতে অভ্যস্ত প্রতিপক্ষের কাছ থেকে, তা কেড়ে নিতে ছুটবে ঘাম। এই জার্মান কোচ তাই বললেন, খুবই কঠিন লড়াই তাদের সামনে।

“(আলজেরিয়া ম্যাচে) আমরা আর্জেন্টিনার যে অসাধারণ গুণটি দেখলাম: তারা চিরায়ত বল দখলে রাখা দল। তাদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য ভীষণ-ভীষণ কঠিন হবে।”

১৯৯৮ বিশ্বকাপের ২৮ বছর পর এবারের আসর দিয়ে বিশ্বকাপের আঙিনায় ফিরেছে অস্ট্রিয়া। ১৯৮২ সালে সবশেষ গ্রুপ পর্ব পেরিয়েছিল তারা।