২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের আয়োজনে ‘মুগ্ধ’ আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাফুফের আমন্ত্রণে সাড়া দিয়ে যশোরে গিয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শেলো কার্লোস সেসা শিশুদের উন্নয়নে পরামর্শ দিলেন।

বাফুফের আয়োজনে ‘মুগ্ধ’ আর্জেন্টিনার রাষ্ট্রদূত
এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ উপলক্ষে ৬০০ শিশু-কিশোর ফুটবলারের মিলন মেলা বসেছিল যশোরে। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2025, 09:26 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

৮ থেকে ১৪ বছর বয়সী ৬০০ ফুটবলারের মিলনমেলা বসেছিল যশোরের শামস-উল হুদা ফুটবল একাডেমিতে। এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এই আয়োজনে অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শেলো কার্লোস সেসা। এক সঙ্গে এত শিশু-কিশোর ফুটবলার দেখে মুগ্ধ তিনি। বললেন, এই উঠতিদের ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণের চেষ্টা করার পথ তৈরি করে দিতে হবে।

শুক্রবার এই উৎসবে অংশ নেয় খুলনা বিভাগের ১৫টি ফুটবল একাডেমির ফুটবলাররা। বিশ্বকাপ জয়ী দেশ আর্জেন্টিনার সাথে বাংলাদেশের ফুটবলীয় সম্পর্ক নিবিড় করতে দেশটির রাষ্ট্রদূতকে এই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে। আমন্ত্রণে সাড়া দিয়ে যশোরে গিয়েছিলেন তিনি।

একাডেমির ভাষাসৈনিক মুসা মিয়া ভবনের উদ্বোধন এবং এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহের উদ্বোধন করেন সেসা। সেখানেই শিশু-কিশোরদের স্বপ্ন পূরণের জন্য করণীয় বিষয় তুলে ধরেন।

ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শেলো কার্লোস সেসা (বাঁ থেকে পঞ্চম)। ছবি: বাফুফে

ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শেলো কার্লোস সেসা (বাঁ থেকে পঞ্চম)

“এখানে যেটা দেখলাম, তাতে আমি মুগ্ধ। এমন একটি আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অভিনন্দন। দেখলাম, শিশুরা ফুটবল কতটা উপভোগ করে।”

“এটা গুরুত্বপূর্ণ যে, যত বেশি সম্ভব মানুষের কাছে, বাচ্চাদের কাছে পৌঁছাতে হবে এবং তাদের জন্য সুযোগ করে দিতে হবে, তারা যেন ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণের চেষ্টা করতে পারে।”

রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তুলে ধরেন তৃণমূলের ফুটবল নিয়ে তাদের ভাবনা।

“বাংলাদেশের ফুটবলের উন্নয়নে চুক্তি রয়েছে আর্জেন্টিনার সঙ্গে। আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিজেই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলা ফুটবলারদের দেখতে ছুটে এসেছেন।”

“শামস-উল-হুদা ফুটবল একাডেমি যা করছে, তাতে গ্রামপর্যায় থেকে ফুটবলের উন্নয়ন হবে। ফুটবলের উন্নয়নে আমরা এমন মাঠই চাই। আমরা তৃণমূল পর্যায়ের ফুটবলারদের উন্নয়ন করতে চাই। গ্রাসরুটস ফুটবল দিবস ও বিশ্ব ফুটবল সপ্তাহে তৃণমূল থেকে ৬০০ ফুটবলার অংশ নিয়েছে। এটা একটি বড় রেকর্ড।”