২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেভানদোভস্কির চমৎকার হ্যাটট্রিকে বার্সার জয়

রেয়াল মাদ্রিদের চেয়ে ফের ৩ পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2024, 10:15 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

ম্যাচজুড়ে আক্রমণে ছড়ি ঘোরাল বার্সেলোনা। প্রথম আধাঘণ্টার একটু বেশি সময়ের মধ্যে দারুণ এক হ্যাটট্রিক উপহার দিলেন রবের্ত লেভানদোভস্কি। বাকি সময়ে যদিও আর গোলের দেখা মিলল না। তবে আলাভেসকে অনায়াসে হারিয়ে লিগ টেবিলে রেয়াল মাদ্রিদের চেয়ে ফের তিন পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

প্রতিপক্ষের মাঠে রোববার লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা।

লা লিগায় প্রথম সাত ম্যাচেই জয়ের পর গত রাউন্ডে ওসাসুনার মাঠে ৪-২ গোলে হেরে বসে বার্সেলোনা, এরপর চ্যাম্পিয়ন্স লিগে তারা ৫-০ গোলে উড়িয়ে দেয় ইয়াং বয়েজকে।

আলাভেসের বিপক্ষে ঘটনাবহুল প্রথম সাত মিনিটে এগিয়ে যাওয়ার আনন্দের মাঝে একটি ধাক্কাও খায় বার্সেলোনা। চতুর্থ মিনিটে রাফিনিয়া বল জালে পাঠালেও গোল মেলেনি অফসাইডের কারণে।

ষষ্ঠ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন ফেররান তরেস। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিং চোটে ভুগছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। তার জায়গায় নামানো হয় ডিফেন্ডার এরিক গার্সিয়াকে।

পরের মিনিটেই দলকে লিড এনে দেন লেভানদোভস্কি। রাফিনিয়ার ফ্রি-কিকে বক্সে হেডে গোলটি করেন তিনি।

ইয়াং বয়েজের বিপক্ষে জোড়া গোল করা লেভানদোভস্কি ২২তম মিনিটে কাছ থেকে দ্বিগুণ করেন ব্যবধান। এই গোলেও অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

একটু পর লেভানদোভস্কির একটি শট গোলরক্ষক ঠেকালেও, ৩২তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন পোলিশ তারকা। গার্সিয়ার পাস বক্সে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝে নিয়ন্ত্রণে নিয়ে একটু জায়গা বানিয়ে ডান পায়ের কোনাকুনি নিচু শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

এই মৌসুমে লা লিগার সর্বোচ্চ স্কোরার লেভানদোভস্কির গোল হলো ৯ ম্যাচে ১০টি, সঙ্গে অ্যাসিস্ট আছে ২টি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে তার গোল এখন ১২টি।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে আলাভেসের তনি মার্তিনেস বার্সেলোনার জালে বল পাঠালেও, ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল দেননি রেফারি।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে মার্তিনেসের শট বার্সেলোনার এক খেলোয়াড়ের পা ছুঁয়ে পোস্টে লাগে।

৬৭তম মিনিটে লামিনে ইয়ামালকে তুলে আনসু ফাতিকে নামান বার্সেলোনা কোচ। ৭৪তম মিনিটে এই স্প্যানিশ ফরোয়ার্ডের শট দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক। একটু পর ফাতির আরেকটি শট ঠেকান তিনি।

শেষ দিকে আলাভেস আরেকবার বার্সেলোনার জালে বল পাঠালেও, এ যাত্রায়ও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

৯ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ। ১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে ভিয়ারেয়াল।

আসন্ন আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী ২০ অক্টোবর লিগে ঘরের মাঠে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা।