১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘সবাই জানে আমি স্ট্রাইকার হিসেবে খেলতাম’

মুখে হাসি নিয়ে বার্সেলোনার জয়ের নায়ক ডিফেন্ডার রোনাল্দ আরাউহো বললেন, স্ট্রাইকার হিসেবে খেললে প্রচুর গোল করতে পারতাম।

‘সবাই জানে আমি স্ট্রাইকার হিসেবে খেলতাম’
জিরোনার বিপক্ষে বার্সেলোনার জয়ের নায়ক রোনাল্দ আরাউহো। ছবি: বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 03:47 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

রক্ষণ সামলাতে নয় রোনাল্দ আরাউহো দ্বিতীয়ার্ধের শেষ দিকে নেমেছিলেন গোল করার দায়িত্ব নিয়ে। সেই কাজে দারুণ সফল উরুগুয়ের এই সেন্টার ব‍্যাক। যোগ করা সময়ে চমৎকার গোলে জিরোনার সঙ্গে তিনিই গড়ে দিলেন ব‍্যবধান। পরে মজা করেই বললেন, স্ট্রাইকার হিসেবে খেললে আরও অনেক গোল করতেন তিনি। 

লা লিগার ম‍্যাচে শনিবার ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে দলকে জয়ে ফিরিয়েছেন আরাউহো।

পঞ্চম ও শেষ বদলি হিসেবে মিডফিল্ডার মার্ক কাসাদোর জায়গায় ৮২তম মিনিটে মাঠে আসেন আরাউহো। রবের্ত লেভানদোভস্কি, ফেররান তরেস, রাফিনিয়াদের অনুপস্থিতিতে তখন ফিনিশিংয়ে ভুগছিল বার্সেলোনা। সে সময় স্ট্রাইকার হিসেবে কেন আরাউহোকে বেছে নিয়েছিলেন, বললেন কোচ হান্সি ফ্লিক। 

“এই পরিবর্তনের আগে আমি রোনাল্দের সঙ্গে কথা বলি। তাকে জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি কি এটা করতে পারবে?’ উত্তরে সে হ‍্যাঁ বলেছিল।”

“তার জন‍্য আমি খুব খুশি। সে সবসময়ই এই ক্লাবের জন‍্য নিজেকে উজাড় করে দিয়ে খেলে। এটা ছিল বিস্ময়কর। গোলমুখে অনুশীলনে রোনাল্দ সত‍্যিই খুব ভালো। মনে হয়েছিল, সে এই ম‍্যাচে মোড় ঘুরিয়ে দিতে পারে।”

বার্সেলোনার সবার ক্ষ‍্যাপাটে উদযাপনই বলে দিচ্ছিল গোল কতটা কাঙ্ক্ষিত ছিল তাদের জন‍্য। ফ্রেংকি ডি ইয়ংয়ের কাট ব‍্যাকে স্লাইডে ঠিকানা খুঁজে নেওয়া আরাউহো বললেন, মাঠে নামার আগে সতীর্থদের বলেছিলেন গোল করবেন তিনি। 

“সবাই জানে আমি স্ট্রাইকার হিসেবে খেলতাম (যখন ছোট ছিলাম)। আমার মনে হয়, যদি আমি স্ট্রাইকার হিসেবে খেলতাম তাহলে আমি আরও অনেক গোল করতে পারতাম (হাসি)।” 

“যখন কোচ আমাকে বদলি নামার কথা বললেন, আমার মনে কোনো দ্বিধা ছিল না। যখন জার্সি পরছিলাম, তখন বলছিলাম, ‘যদি আমি নামি তাহলে আমি একটি গোল করব।’ সবাই তখন হাসছিল আর এরপর আমি গোল করলাম। খেলার জন‍্য আমি কঠোর পরিশ্রম করেছি, আমি খুব খুশি।” 

আগামী মঙ্গলবার চ‍্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এরপর রোববার মৌসুমের প্রথম ক্লাসিকোয় মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদের।