মার্তিনেস বার্সেলোনা ছেড়ে যাওয়ায় অন্যদের সুযোগ দেখছেন ফ্লিক
আপাতত নতুন ডিফেন্ডার দলে যোগ করার প্রয়োজনীয়তা দেখছেন না বার্সেলোনা কোচ।
গত মৌসুমে দলের তিন শিরোপা জয়ে অবদান রাখা ইনিগো মার্তিনেস সৌদি আরবের ক্লাবে পাড়ি জমানোয় রক্ষণে শক্তি কমেছে বার্সেলোনার। তবে আপাতত নতুন ডিফেন্ডার দলে যোগ করার প্রয়োজনীয়তা দেখছেন না হান্সি ফ্লিক। স্প্যানিশ ডিফেন্ডারের চলে যাওয়াটা বরং দলের অন্যদের খেলার সুযোগ করে দেবে বলে মনে করেন এই জার্মান কোচ।
বার্সেলোনা ছেড়ে গত শনিবার ক্রিস্তিয়ানো রোনালদোর দল আল নাস্রে যোগ দেন ৩৪ বছর বয়সী সেন্টার-ব্যাক মার্তিনেস।
গত মৌসুমে বার্সেলোনার নিয়মিত ফুটবলারদের একজন ছিলেন তিনি। সেন্ট্রাল ডিফেন্সে পাউ কুবার্সির সঙ্গে তার জমাট জুটির বড় ভূমিকা ছিল ক্লাবের লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪৬টি ম্যাচ খেলেছিলেন তিনি।
নতুন মৌসুম শুরুর আগে তার চলে যাওয়াটা তাই বার্সেলোনার জন্য বড় ধাক্কাই। তবে বাস্তবতা মেনে নিচ্ছেন ফ্লিক। হোয়ান গাম্পার ট্রফির লড়াইয়ে রোববার রাতে ইতালিয়ান ক্লাব কমোর বিপক্ষে ৫-০ গোলে জয়ের পর বার্সেলোনা কোচ বলেন, এই মুহূর্তে নতুন ডিফেন্ডার আনার কথা ভাবছেন না তিনি।
“গত মৌসুমে আমাদের সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল সে (মার্তিনেস), তবে তার চলে যাওয়া অন্য খেলোয়াড়দের জন্য সুযোগ হবে।”
“আমি ডেকোর (ক্লাবের ক্রীড়া পরিচালক) সঙ্গে কথা বলব, যখন তিনি এখানে আসবেন। আমরা দেখব। তবে আপাতত, আমার মনে হয় না (নতুন ডিফেন্ডার কেনার দরকার আছে)।”
