১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দোষী প্রমাণিত হলে বেনফিকা ‘ক্যারিয়ার শেষ’ প্রেস্তিয়ান্নির

ভিনিসিউস জুনিয়রের প্রতি সত্যিই বর্ণবাদী আচরণ করে থাকলে তরুণ এই আর্জেন্টাইন ফুটবলারকে দলে রাখবে না বেনফিকা।

দোষী প্রমাণিত হলে বেনফিকা ‘ক্যারিয়ার শেষ’ প্রেস্তিয়ান্নির
ভিনিসিউসের সঙ্গে বল দখলের লড়াইয়ে প্রেস্তিয়ান্নি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 01:06 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

আগের মন্তব্য নিয়ে তুমুল সমালোচনার শিকার হওয়ার পর এবার অন্য সুর জোসে মরিনিয়োর কণ্ঠে। বেনফিকার কোচ বলছেন, ভিনিসিউস জুনিয়রকে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ সত্যি প্রমাণিত হলে এই ক্লাবে জানলুকা প্রেস্তিয়ান্নির অধ্যায় শেষ হয়ে যাবে।

বর্ণবাদী আচরণের অভিযোগে এর মধ্যেই এক ম্যাচের সাময়িক নিষেধাজ্ঞা কাটাতে হয়েছে প্রেস্তিয়ান্নিকে। তবে তার মূল শঙ্কার জায়গা আছে এখনও। আর্জেন্টাইন এই ফুটবলারের বিরুদ্ধে তদন্ত করছে উয়েফা। দোষী প্রমাণিত হলে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে তাকে।

উয়েফার শাস্তি যেমনই হোক, আরেকটি শাস্তি তাকে পেতে হবে নিজ ক্লাবেও। পর্তুগিজ লিগে বেনফিকার ম্যাচের আগে রোববার সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দিয়ে রাখলেন মরিনিয়ো। 

“যেকোনো ধরণের বৈষম্য, পক্ষপাত, অজ্ঞতা বা নির্বুদ্ধিতার সম্পূর্ণ বিরোধী আমি। আমার এবং বেনফিকার এই মৌলিক নীতিগুলি যদি আমার কোনো ফুটবলার সম্মান না করে, তাহলে জোসে মরিনিয়ো নামের কোচ ও বেনফিকা নামক ক্লাবে সেই ফুটবলারের ক্যারিয়ার শেষ হয়ে যাবে।”

“আমি পণ্ডিত নই, তবে অজ্ঞও নই। নির্দোষতার অনুমান তো একটি মানবাধিকার, তাই না? আমার অবস্থানে আমি অটল। যদি কোনো ফুটবলার সত্যিই দোষী হয়, তাহলে যেভাবে দেখতাম তাকে, সেভাবে আর কখনও দেখব না, এবং আমার ক্ষেত্রে, এই অধ্যায় শেষ। তবে অনেক ‘যদি’ রাখতে হবে এখানে।”

গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে রেয়াল মাদ্রিদ ও বেনফিকার লড়াইয়ে ভিনিসিউসের গোল উদযাপনের পরপরই ঘটনার সূত্রপাত। ভিনিসিউস ও তার সতীর্থরা বর্ণবাদের অভিযোগ তুললেন রেফারি খেলা থামিয়ে দেন। ম্যাচ বন্ধ থাকে ১১ মিনিটের মতো। 

ঘটনার সময়ের টিভি ফুটেজে দেখা যায়, মুখ দিয়ে জার্সি ঢেকে কিছু একটা বলছেন প্রেস্তিয়ান্নি। ম্যাচের পর কিলিয়ান এমবাপে জানান, জার্সি দিয়ে মুখ ঢেকে ভিনিসিউসকে পাঁচবার ‘বানর’ বলেছেন বেনফিকার ২০ বছর বয়সী উইঙ্গার। 

এই অভিযোগ নিয়ে তোলপাড়ের মধ্যে মরিনিয়ো মন্তব্য করেন, রেয়ালের এই ব্রাজিলিয়ান তারকাই বর্ণবাদ উসকে দিয়েছেন। বেনফিকা কোচের এমন মন্তব্যও বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয় প্রবলভাবে। ৬৩ বছর বয়সী কোচ অবশেষে এবার শক্ত বার্তা দিলেন বর্ণবাদ নিয়ে।