তুরস্কে ‘জুয়ায় জড়িয়ে’ ১০২ ফুটবলার নিষিদ্ধ
দেশটির ফুটবলের শীর্ষ স্তর সুপার লিগের ২৫ জন ও দ্বিতীয় স্তরের ৭৭ জন খেলোয়াড় আছেন এই তালিকায়।
জুয়ার ছোবলে বিপর্যস্ত হয়ে পড়েছে তুরস্কের ফুটবল। ফুটবল ম্যাচে বাজি ধরার অভিযোগের তদন্তের অংশ হিসেবে দেশটির শীর্ষ দুই স্তরের ১০২ জন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)।
টিএফএফের পেশাদার ফুটবল ডিসিপ্লিনারি কাউন্সিল (পিএফডিকে) বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শীর্ষ স্তর সুপার লিগের ২৫ জন ও দ্বিতীয় স্তরের ৭৭ জন খেলোয়াড় আছেন এই তালিকায়।
এর আগে এই মাসের শুরুতে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে নিষিদ্ধ করেছিল টিএফএফ। একটি তদন্তে দেখা গেছে, দেশের পেশাদার লিগে কাজ করা ম্যাচ অফিশিয়ালরা ফুটবল ম্যাচে বাজি ধরছেন।
এছাড়া গত সোমবার শীর্ষ স্তরের এক ক্লাবের চেয়ারম্যানসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলমান থাকায় সকল লিগ থেকে এক হাজার ২৪ জন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্তরের লিগের ম্যাচগুলো দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
