Published : 13 Apr 2026, 08:13 PM
প্রথম লেগে জিতে সেমি-ফাইনালের পথে এগিয়ে থাকা আতলেতিকো মাদ্রিদ অনুপ্রেরণা পাচ্ছে অতীত থেকেও। ২০১৪ ও ২০১৬ সালে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বার্সেলোনাকে বিদায় করেছিল মাদ্রিদের দলটি। আতলেতিকো অধিনায়ক কোকে আশাবাদী, সেই দুই আসরের পুনরাবৃত্তি এবারও করতে পারবেন তারা।
এবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে কাম্প নউয়ে ২-০ গোলের জয় পায় আতলেতিকো। ফিরতি লেগ হবে তাদের মাঠ রিয়াদ এয়ার মেত্রোপলিতানোয়। মঙ্গলবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
চলতি মৌসুমে এর আগে কোপা দেল রের সেমি-ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে দেয় আতলেতিকো। প্রথম লেগে ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছিল দিয়েগো সিমেওনের দল। পরে কাম্প নউয়ে দারুণ লড়াইয়ে ৩-০ গোলে জিতেও শেষরক্ষা হয়নি বার্সেলোনার।
এবারও যে স্প্যানিশ চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা করবে, তা নিয়ে কোনো সংশয় নেই কোকের। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আতলেতিকো অধিনায়ক বললেন, বার্সেলোনার প্রবল চাপ সয়ে নিয়েই লক্ষ্য পূরণ করতে প্রস্তুত হচ্ছেন তারা।
“তাদের ঘুরে দাঁড়ানোর উদ্যম আছে। তবে আমার সতীর্থরা খুবই অনুপ্রাণিত। প্রতিপক্ষের প্রতি আমাদের সম্মান আছে, তবে আমরা ম্যাচ জিততে উন্মুখ। বার্সেলোনা এমন দল যারা আপনাকে প্রবল চাপে রাখবে। তবে আমাদের বল দখলে রাখার দৃঢ়তা দেখাতে হবে।”
ইউরোপ সেরার মঞ্চে বার্সেলোনার বিপক্ষে কোকের ব্যক্তিগত পারফরম্যান্সের এক সুখস্মৃতিও আছে। ২০১৪ আসরে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে ১-০ ব্যবধানে জয়ের পথে একমাত্র গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার। লিওনেল মেসি, আন্দ্রেয়াস ইনিয়েস্তাদের সেই দলকে বিদায় করে দেওয়া গোলের সব যেন এখনও নিখুঁতভাবে মনে করতে পারেন কোকে।
ঘরের মাঠে আরও একটি জাদুকরী রাতের অপেক্ষায় তিনি।
“ওই গোলটা আমি পরে আরও কয়েকবার দেখেছি। যখন এই ধরনের ম্যাচগুলো সামনে আসে, তখন সত্যিই আপনি অতীতে ঘটে যাওয়া ইতিবাচক ঘটনা থেকে নিজেকে অনুপ্রাণিত করার চেষ্টা করবেন। যেমনটা ২০১৪ ও ২০১৬ সালে ঘটেছিল। আমার ওই গোলের কথা মনে আছে, কালদেরনের (আতলেতিকোর আগের মাঠ) আবহ কেমন ছিল মনে আছে। আশা করি, সবার জন্য এটা (আসছে ম্যাচ) হবে দারুণ এক রাত।”