২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদকে রেখে সুপার লিগ থেকে সরে গেল বার্সেলোনা

বিদ্রোহী লিগটিতে রয়ে গেল কেবল একটি দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 06:34 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

বিদ্রোহী ইউরোপিয়ান সুপার লিগ থেকে সরে যাওয়ার ইঙ্গিত মাসে তিনেক আগেই দিয়েছিলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। এবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি থেকে বেরিয়ে গেল কাতালান ক্লাবটি। রয়ে গেল কেবল তাদের চির প্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ।

লা লিগা চ্যাম্পিয়নরা শনিবার ক্লাবের ওয়েবসাইটে ছোট্ট এক বিবৃতিতে সুপার লিগ থেকে সরে যাওয়ার কথা জানায়।

“বার্সেলোনা ঘোষণা করছে যে, ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্প থেকে সরে আসার বিষয়ে আজ ইউরোপিয়ান সুপার লিগ কোম্পানি এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।”

গত অক্টোবরে বার্সেলোনার সভাপতি লাপোর্তা বলেছিলেন, উয়েফার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করতে ও ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনে (ইসিএ) পুনরায় যোগ দিতে চান তারা।

২০২১ সালের এপ্রিলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে সুপার লিগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল শুরুতে এতে যোগ দেওয়া ১২টি ক্লাব। তখন এই ক্লাবগুলোকে ইসিএ থেকে বাদ দেওয়া হয়েছিল।

ফিফা ও উয়েফাসহ এর বিভিন্ন অঙ্গসংগঠনের প্রবল বাধা ও সমর্থকদের কড়া সমালোচনার মুখে ৪৮ ঘণ্টার মধ্যেই সুপার লিগ থেকে সরে দাঁড়ায় ৯টি ক্লাব। পরে তাদের ইসিএ-তে পুনরায় যুক্ত করা হয়।

সুপার লিগে টিকে ছিল কেবল রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ইউভেন্তুস। ২০২৪ সালের জুনে ইউভেন্তুস আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি থেকে বেরিয়ে যায়। এবার একই পথ অনুসরণ করল বার্সেলোনা।

সুপার লিগের প্রথম চেয়ারম্যান ও রেয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস শুরু থেকে বলে আসছিলেন, ফুটবলকে বাঁচাতে পারে কেবল সুপার লিগই।

সুপার লিগ ঘিরে ক্ষীণ যে আশা পেরেসের ছিল, এখন সেটিও প্রায় শেষ হয়ে গেল বার্সেলোনা বেরিয়ে যাওয়ার ফলে।