বিশ্বকাপে রোনালদোর দিকে তাকিয়ে মেক্সিকো গ্রেট এর্নান্দেস
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেদের খেলার দিকেও নজর থাকবে রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই স্ট্রাইকারের।
খুব বেশি দিন হয়নি বুট জোড়া তুলে রেখেছেন হাভিয়ের এর্নান্দেস। তবে নতুন ভূমিকায় এবারের বিশ্বকাপে ঠিকই থাকছেন মেক্সিকোর এই সাবেক স্ট্রাইকার। ফক্স স্পোর্টসের বিশ্লেষক হিসেবে দেখবেন ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। সেখানে বিশেষভাবে তার নজর থাকবে এক সময়ের সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোর ওপর।
চিচারিতো নামেই বেশি পরিচিত এর্নান্দেস। দেশের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ১০৯ ম্যাচ খেলে করেছেন ৫২ গোল।
ক্লাব ফুটবলে পথচলা শুরু গুয়াদালাহারা দিয়ে। পরে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এখান থেকেই ধারে এক মৌসুম খেলেছেন রেয়াল মাদ্রিদ। বায়ার লেভারকুজেন, ওয়েস্ট হ্যাম ইউনাইটড, সেভিয়া, এলএ গ্যালাক্সি ঘুরে ২০২৫ সালে ক্যারিয়ারের ইতি টেনেছেন মেক্সিকোর ক্লাব গুয়াদালাহারায়।
২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে খেলা এর্নান্দেস সম্প্রতি মুখোমুখি হন ফিফার। সেখানেই এক প্রশ্নের জবাবে বললেন, মেক্সিকোর বাইরে কোন দেশের ওপর থাকবে তার নজর।
“আমার মনে হয়, এটা হবে পর্তুগাল, ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য। এটা হবে তার শেষ বিশ্বকাপ। আশা করি, সে এটা কাজে লাগাতে পারবে। আমরা দেখব কী ঘটে।”
“এরপর অবশ্যই আর্জেন্টিনা, যেখানে আছে (লিওনেল) মেসি, ফ্রান্স যেখানে আছে (কিলিয়ান) এমবাপে এবং তাদের থাকা অসাধারণ প্রজন্ম। আশা করি, এটা হবে সবসময়ের সেরা বিশ্বকাপ।”
মেক্সিকোর প্রতি আলাদা নজর তো থাকবেই। বিশ্বকাপে ভালো করতে কী করতে হবে, সেই পরামর্শও উত্তরসূরিদের দিলেন তিনি।
“আশা করি, শেষ প্রস্তুতি ম্যাচগুলোতে ওরা ভালো করবে, আরও ভালো অনুভব করবে এবং দলের রসায়ন আরও ভালো হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ইতিবাচক শুরু হবে গুরুত্বপূর্ণ। আশা করি, আমাদের ভালো একটা মোমেন্টাম থাকবে এবং ভালো ফল মিলবে।”
