যে জায়গায় ভিনিসিউস-এমবাপেদের উন্নতি চান আলোন্সো
দলের আক্রমণভাগের খেলোয়াড়দের স্পষ্ট বার্তা দিলেন রেয়াল মাদ্রিদ কোচ।
ক্লাব বিশ্বকাপে রেড বুল সালসবুর্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আক্রমণভাগের খেলোয়াড়দের স্পষ্ট বার্তা দিলেন শাবি আলোন্সো। দলের সবাইকে রক্ষণ সামলানোয় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন রেয়াল মাদ্রিদ কোচ।
আগের কোচ কার্লো আনচেলত্তির কোচিংয়ে গত মৌসুমে সমালোচনার মুখে পড়েছিলেন দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপে। বিশেষ করে, বল পায়ে না থাকলে তারা খুব বেশি দৌড়ান না বলে মনে করেন অনেকে।
সালসবুর্ক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আলোন্সো বলেন, রক্ষণ সামলাতে দলের সবাইকে এগিয়ে আসতে হবে।
“আমাদের সবাইকে রক্ষণভাগ সামলাতে হবে, মাঠের ১১ জন খেলোয়াড়কে সম্পৃক্ত থাকতে হবে। তাদের বুঝতে হবে আমরা কিভাবে চাপ দিতে চাই। ভিনি, জুড (বেলিংহ্যাম), ফেদে (ভালভের্দে), কিলিয়ান- সবাইকে সম্পৃক্ত থাকতে হবে।”
“রক্ষণে উন্নতি করতে হবে, আমাদের ফাঁকা জায়গাগুলো যত আঁটসাঁট হবে, ততই ভালো। এখানে আমাদের উন্নতি করতে হবে। এটা নিয়ে আমরা কাজ করছি, ভিনিও।”
ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় সালসবুর্কের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। অসুস্থতার কারণে আসরে দলের প্রথম দুই ম্যাচে বাইরে থাকা এমবাপে খেলতে পারবেন না সালসবুর্কের বিপক্ষেও।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে রেয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে সালসবুর্ক। ২ পয়েন্ট নিয়ে তিনে আছে আল-হিলাল। তিন দলের সামনেই সুযোগ আছে শেষ ষোলোয় যাওয়ার। প্রথম দুটিতে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছে গ্রুপের আরেক দল পাচুকার।
