২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইলেন ভিনিসিউস, শোনালেন ঘুরে দাঁড়ানোর আশাবাদ

রেয়াল মাদ্রিদে যেভাবে খেলেন, সেই ছন্দ জাতীয় দলে কেন টেনে নিতে পারছেন না, সেই ব্যাখ্যাও দিলেন ভিনিসিউস জুনিয়র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2024, 04:23 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

অনেক দিন ধরেই মাঠে সময়টা একেবারে যাচ্ছেতাই কাটছে ব্রাজিলের। মাঝেমধ্যে কষ্টেসাধ্যে জয় কিংবা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিললেও ধারাবাহিক হতে পারছে না দলটি। বিশ্বকাপ বাছাইয়ে আরও একটি বাজে পারফরম্যান্সে হার হজমের পর, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন দলটির তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র।

প্যারাগুয়ের মাঠে বাংলাদেশ সময় সকালের ম্যাচে একদমই ছন্দে দেখা যায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। হেরে গেছে ১-০ গোলে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে আট ম্যাচের মধ্যে চতুর্থ হারের পর ভিনিসিউস বললেন তাদের ‘কঠিন সময়’ কাটছে। 

মাঠে বল দখলে অনেকটাই এগিয়ে ছিল সেলেসাওরা; কিন্তু আক্রমণে তারা ছিল ধারহীন। আক্রমণভাগে ভিনিসিউসের পাশে ছিলেন তার দুই রেয়াল মাদ্রিদ সতীর্থ রদ্রিগো ও এন্দ্রিক। তারপরও আলো ছড়াতে পারেননি এই ত্রয়ী। ২০তম মিনিটে দিয়েগো গোমেসের গোলে পিছিয়ে পড়ার পর যথেষ্ট সময় পেলেও, দলকে পথে ফেরাতে পারেননি তারা।

এমন হতশ্রী পারফরম্যান্সের পর ম্যাচ শেষে স্পোর্তটিভিকে দেওয়া সাক্ষাৎকারে, কোনোরকম দ্বিধা ছাড়াই নিজেদের দায় মেনে নেন ভিনিসিউস। 

“আমরা সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি, যারা সবসময় আমাদের পাশে থাকেন। কঠিন সময় কাটছে, আমরা কেবল উন্নতি করতে চাই…আমি আমার সামর্থ্য জানি, জানি আমি জাতীয় দলের জন্য কী করতে পারি। অবশ্যই এর প্রক্রিয়াটা খুব কঠিন, কারণ আত্মবিশ্বাস না থাকলে গোল পাওয়া যায় না, এমনকি গোলে ভূমিকা রাখা এবং ভালো খেলাও যায় না।”

“আমি জানি, আমার কোথায় উন্নতি করতে হবে। আমি কী প্রতিনিধিত্ব করছি, তা জানি। যখন ভালো খেলতে শুরু করব, তখন সবাইকে আনন্দ দেব। আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন এবং খুব দ্রুত আমি উন্নতি করতে চাই।”

গত বছরের শেষ দিকে শুরু হওয়া এবারের বাছাইপর্বে প্রথম দুটি ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচ হেরে বসে ব্রাজিল। তার পরের ম্যাচটা করে ড্র। সব মিলিয়ে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা।

১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া। পরের দুটি স্থানে আছে উরুগুয়ে ও একুয়েডর।

কনমেবলের বাছাই থেকে পয়েন্ট টেবিলের প্রথম ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর সাত নম্বর দলটি খেলবে প্লে-অফ। ভেনেজুয়েলার থেকে গোল ব্যবধানে এবং সাত নম্বরে থাকা প্যারাগুয়ের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে আছে ব্রাজিল।

রেয়াল মাদ্রিদের হয়ে কয়েক বছর ধরে দারুণ খেলছেন ভিনিসিউস। গত মৌসুমে দলটির চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এবারের ব্যালন দ’র জয়ের দৌড়ে এগিয়ে আছেন তিনি।

কিন্তু ক্লাবের ছন্দটা জাতীয় দলে টেনে নিতে পারছেন না ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এ নিয়ে মাঝেমধ্যে সমালোচনাও শুনতে হয় তাকে। দেশের হয়ে কেন পারছেন না, এবার সেটার কারণ ব্যাখ্যা করার চেষ্টা করলেন তিনি।

“এটা (রেয়াল মাদ্রিদে খেলার চেয়ে) সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। ইউরোপের খেলাটা আলাদা ধাঁচের, সেখানে মাঠের একপাশ থেকে অন্যপাশে বল খুব দ্রুত যায়…তাই কীভাবে মানিয়ে নেওয়া যায় সেটা আমাদের বুঝতে হবে, যেন সবাই ভালো খেলতে পারে এবং আমরা যেন ম্যাচ জিততে পারি।” 

এরপরই নিজেরে পাশাপাশি দলের সবার সমালোচনা করেন ভিনিসিউস। বাইরে থেকে ধেয়ে আসা কটু কথা সইয়ে ঘুরে দাঁড়ানোর তাগিদ দেন তিনি।

“এখন আমরা কী অবস্থায় আছি, তা বুঝতে পারছি। এই পরিস্থিতি থেকে আমরা ব্রাজিলকে যেকোনো মূল্যে বের করব। এখন আমাদের বাড়ি ফিরতে হবে এবং ভাবতে হবে, ভালো খেলার জন্য কী করতে হবে।”

“আমরা এভাবে এখানে আসতে পারি না এবং যেভাবে খেলেছি সেভাবে খেলতে এবং এই পয়েন্টগুলো হারাতে পারি না। কঠিন সময় কাটছে। আমাদের অবশ্য সমালোচনা সইতে হবে এবং যত দ্রুত সম্ভব ব্রাজিলকে শীর্ষে ফেরাতে হবে।”