জার্মানির কাজ ‘সমর্থকদের স্বপ্ন বাঁচিয়ে রাখা’ বললেন কোচ
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্ব নয়, পরের লড়াইয়ে মনোযোগ ইউলিয়ান নাগেলসমানের।
ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। শিরোপা পুনরুদ্ধারের বড় সুযোগ জার্মানির সামনে। তাদের দিকে স্বাভাবিকভাবেই প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে সমর্থকরা। দেশের দর্শকদের এই স্বপ্ন বাঁচিয়ে রাখাকেই সবচেয়ে বড় কাজ হিসেবে দেখছেন জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান।
এবারের ইউরোতে প্রথম দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জার্মানি। স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর বুধবার হাঙ্গেরির বিপক্ষে তারা জিতেছে ২-০ ব্যবধানে।
দলটির পরের ম্যাচ আগামী রোববার সুইজারল্যান্ডের বিপক্ষে। নাগেলসমান বললেন, নকআউট পর্ব নয় তার সব মনোযোগ এখন ওই ম্যাচে।
ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় দারুণ সমর্থন পাচ্ছে জার্মানি। তাদের বাসের পাশে মার্চ করছেন সমর্থকরা, স্টেডিয়ামে তাদের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইছেন বাকিরা। দর্শকদের এই সমর্থনের প্রশংসা করেছেন নাগেলসমান।
জার্মান কোচ বললেন, স্টেডিয়ামের এই আবহ তাদেরকে আরও উজ্জীবিত করে তোলে।
“(জাতীয় সংগীতের সময়) সবাই সমস্বরে স্টেডিয়াম কাঁপিয়ে তুলেছিল-এটা আপনাকে ভালো অনুভূতি দেয়। এটা আমাদের সাহায্য করে, যা বিশ্বাস করা কঠিন। কারণ আমাদের এমন অবিশ্বাস্য অভিজ্ঞ এবং সফল খেলোয়াড় রয়েছে, তবে এই আবহ আপনার মধ্যে কিছু একটা কাজ করে। এটা আপনাকে নাড়া দেয়। সমর্থকদের স্বপ্ন দেখতে দেওয়া আমাদের কাজ।”নাগেলসমান, জার্মানি, ইউরো ২০২৪, আন্তর্জাতিক ফুটবল, ফুটবল
