Published : 18 May 2026, 10:28 PM
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মাঠে গড়ানোর আর দুই সপ্তাহও বাকি নেই। এমন সময় দলের সবচেয়ে বড় তারকা উসমান দেম্বেলেকে নিয়ে শঙ্কায় পড়েছে পিএসজি, পায়ের পেশিতে ব্যথা পেয়েছেন তিনি।
ফ্রান্সের ক্লাবটি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী কয়েক দিন দেম্বেলের পায়ের চিকিৎসা চলবে।
লিগ আঁর শিরোপা নিশ্চিত করার পর, গত রোববার শেষ রাউন্ডে খেলতে নেমে প্যারিস এফসির মাঠে ২-১ গোলে হেরে যায় পিএসজি। এই ম্যাচেই পায়ে অস্বস্তি বোধ করেন দেম্বেলে এবং ২৭তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়।
ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, বড় কোন চোট শঙ্কা এড়াতে ‘সতর্কতাস্বরূপ’ দেম্বেলেকে উঠিয়ে নেওয়া হয়।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, “উসমান দেম্বেলের (চোট) নিয়ে এখন বলার মতো কিছু নেই। আগামীকাল আমরা আরও কিছু জানতে পারব। তবে আমার মনে হয়, এটা কেবল ক্লান্তির জন্য।”
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দেম্বেলে অনিশ্চিত কিনা, এমন কিছু অবশ্য পিএসজির পক্ষ থেকে জানানো হয়নি।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় আগামী ৩০ মে আর্সেনালের বিপক্ষে ইউরোপ সেরার মুকুট ধরে রাখার লড়াইয়ে নামবে এনরিকের দল।
বিশ্বকাপ শুরু হতেও আর বেশি দিন বাকি নেই, তাই এই ব্যালন দ’র জয়ী ফরোয়ার্ডের চোট ফ্রান্সের জন্যও হতে পারে ভাবনার কারণ।