অনেক সুযোগ হাতছাড়া করে সিটির টানা তৃতীয় ড্র
শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে আরেকটি বড় ধাক্কা খেল পেপ গুয়ার্দিওলার দল।
আর্লিং হলান্ডের সফল স্পট কিকে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে এগিয়ে গিয়েও জয়ে ফেরা হলো না ম্যানচেস্টার সিটির। দ্বিতীয়ার্ধে গোল হজম করে ফের পয়েন্ট হারাল পেপ গুয়ার্দিওলার দল।
ঘরের মাঠে বুধবার রাতে ব্রাইটনের বিপক্ষে ১-১ ড্র করেছে সিটি। প্রিমিয়ার লিগে এটি তাদের টানা তৃতীয় ড্র।
২১ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি। এক ম্যাচ কম খেলে ৪৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল।
ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নেয় সিটি, এর ছয়টি ছিল লক্ষ্যে। অন্য দিকে ব্রাইটন ৬ শটের তিনটি রাখতে পারে লক্ষ্যে।
প্রতিপক্ষের মাঠে শুরুটা দারুণ করে ব্রাইটন। প্রথম আট মিনিটে দুটি সুযোগ পায় তারা। তবে দুটি শটই ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।
ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয় সিটি। তৈরি করতে থাকে সুযোগ। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারছিলেন না কেউই।
প্রথমার্ধের শেষ দিকে বদলে যায় খেলার চিত্র। ৪১তম মিনিটে সফল স্পট কিকে সিটিকে এগিয়ে নেন হলান্ড। সবশেষ চার ম্যাচে এটিই নরওয়ের স্ট্রাইকারের প্রথম গোল।
চলতি আসরে হলান্ডের গোল হলো ২০টি। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৩ ম্যাচে করলেন ১৫০ গোল।
জেরেমি ডোকুকে ব্রাইটনের দিয়েগো গোমেস ফাউল করায় পেনাল্টি পেয়েছিল সিটি। শুরুতে অবশ্য স্বাগতিকদের আবেদনে সাড়া দেননি রেফারি। পরে ভিএআরের হস্তক্ষেপে মনিটরে ফাউলের রিপ্লে দেখার পর তিনি পেনাল্টি দেন।
প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে একটুর জন্য দ্বিগুণ হয়নি ব্যবধান। টিজানি রেইন্ডার্সের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গোমেস।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফের হতাশ হয় সিটি। ৪৬তম মিনিটে বের্নার্দো সিলভার শট ব্যর্থ হয় পোস্টে লেগে।
খেলার ধারার বিপরীতে ৬০তম মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান কাউরু মিতোমা। ডি বক্সের বাইরে থেকে তার গতিময় শট ঠেকাতে পারেননি দোন্নারুম্মা।
পরের ১০ মিনিটে দুইবার কোনোমতে গোল হজম থেকে বেঁচে যায় সিটি। বিস্ময়করভাবে ফাঁকা জালে বল পাঠাতে পারেননি গোমেস। ৭০তম মিনিটে মিতোমার শট ব্যর্থ হয় বাম দিকের পোস্টে লেগে।
এরপর যেন জেগে ওঠে সিটি। একের পর এক আক্রমণে অনেক সুযোগ তৈরি করে স্বাগতিকরা। হলান্ড বেশ কিছু সুযোগ নষ্ট করার পর ৮৬তম মিনিটে সেরা সুযোগ হাতছাড়া করেন হায়ান শের্কি। বিপজ্জনক জায়গায় বল পেলেও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
সুযোগ আসে এরপরও, কিন্তু একটাও কাজে লাগাতে পারেননি হলান্ড, শের্কিরা। একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ে সিটি।
